ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগ্জ়ামিনেশন বোর্ডের (ডব্লিউবিজেইইবি) তরফে ২০২৬-এর রাজ্যে স্নাতক স্তরে জয়েন্ট এন্ট্রান্স টেস্ট ফর নার্সিং, প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস আন্ডারগ্র্যাজুয়েট (জেইএনপিএএস) আয়োজিত হতে চলেছে ৭ জুন। শুরু হয়ে গিয়েছে আবেদন গ্রহণ প্রক্রিয়া। পরীক্ষার দিন, প্রশ্নপত্রের ধরন, কোন কোন বিষয়ে প্রশ্ন থাকে— তারই বিস্তারিত তথ্য তুলে ধরা হল।
জেইএনপিএএস কী?
এই প্রবেশিকায় উত্তীর্ণ হলে কাউন্সেলিংয়ের মাধ্যমে মেধাতালিকা অনুযায়ী সরকারি, সরকারপোষিত এবং বেসরকারি প্রতিষ্ঠানে নার্সিং বা প্যারামেডিক্যাল কোর্সগুলিতে স্নাতক স্তরে ভর্তি হওয়া যায়।
যোগ্যতা যাচাই
ভারতের নাগরিক হতে হবে। কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিষয়ে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। নার্সিং কোর্সে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন। বাকি কোর্সগুলির ক্ষেত্রে এমন কোনও সীমাবদ্ধতা নেই।
পরীক্ষার ধরন
দু’টি ভাগে দু’টি পত্রের পরীক্ষা হয়— বিভাগ-১ ও বিভাগ-২। দু’টি পেপার মিলিয়ে মোট ২০০টি প্রশ্ন থাকে। কিন্তু মোট নম্বর থাকে ২৩০। ওএমআর (অপটিক্যাল মার্ক রেকগনিশন) শিটের মাধ্যমে পরীক্ষা হবে। এমসিকিউ-এমসিকিউ ভিত্তিক প্রশ্ন থাকে। প্রতি প্রশ্নে নম্বর থাকে এক ও দুই করে। কোনও কোনও ক্ষেত্রে নেগেটিভ মার্কিং-ও রয়েছে।
আরও পড়ুন:
কোন কোন বিষয়ে পরীক্ষা
প্রথম পত্রে পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা, সাধারণ বিজ্ঞান, হেলথ অ্যাপ্টিটিউড। দ্বিতীয় পত্রে থাকে পদার্থবিদ্যা, গণিত, সাধারণ জ্ঞান, বেসিক ইংরেজি এবং লজিক্যাল রিজ়োনিং বিষয়ে প্রশ্ন আসে।
কোন কোন জেলায় পরীক্ষা
কলকাতা, বাঁকুড়া, কোচবিহার, হাওড়া, দার্জিলিং, হুগলি, মালদহ, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানে পরীক্ষা হয়।
নিয়মাবলি
পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে। সঠিক পরীক্ষা কেন্দ্রেই যেতে হবে। অন্য কেন্দ্র থেকে পরীক্ষা দেওয়া যাবে না। অ্যাডমিট কার্ডের কাগজের নথি, রঙিন ছবি (যেটি আবেদনের সময় ব্যবহার করা হবে), সরকারি পরিচয়পত্র। ক্যলকুলেটর, ঘড়ি, কলম, মুঠোফোন, ব্লুটুথ ডিভাইস নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ নিষেধ।
এই পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে রাজ্য জয়েন্ট এন্ট্রাস বোর্ডের ওয়েবসাইট থেকে।