Advertisement
E-Paper

মাইনিং ইঞ্জিনিয়ারিং-এ উচ্চশিক্ষার সুযোগ! পেশাদার হতে চাইলে কী ভাবে শুরু করবেন?

খনি থেকে সুরক্ষিত ভাবে ধাতু উত্তোলনের কৌশল শেখার সুযোগ মেলে মাইনিং ইঞ্জিনিয়ারিং বিষয়ে। কারা পড়তে পারেন এই বিষয় নিয়ে? রইল বিশদ তথ্য।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৬ ০৮:৫৫

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

এ দেশে সক্রিয় খনির সংখ্যা প্রায় দু’হাজার। নিয়মিত ভাবে সেই সব খনি থেকে কয়লা, লোহা, বক্সাইট, ম্যাঙ্গানিজ এবং তামা-সহ বিভিন্ন ধাতু উত্তোলন করার কাজ চলে। এ ছাড়াও হিরে, অভ্র, ইউরেনিয়াম-এর মত ধাতুও পাওয়া যায়। ওই সব খনি থেকে ধাতু উত্তোলনের কৌশল নিয়ে জ্ঞান অর্জনের সুযোগ মিলতে পারে। উচ্চশিক্ষা ক্ষেত্রে মাইনিং ইঞ্জিনিয়ারিং বিষয়টির যথেষ্ট চাহিদাও রয়েছে।

কারা পড়তে পারেন?

বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক কিংবা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মাইনিং ইঞ্জিনিয়ারিং নিয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়া যায়। এর জন্য দ্বাদশ শ্রেণিতে গণিত, পদার্থবিদ্যা এবং রসায়ন বিষয়গুলি থাকা চাই। তার পর জয়েন্ট এন্ট্রাস এগ্‌জ়ামিনেশন মেন অ্যান্ড অ্যাডভান্সড-এ পাশ করতে হবে।

তবে, সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা করারও সুযোগ রয়েছে। ভর্তি হওয়ার জন্য পড়ুয়াদের জয়েন্ট এন্ট্রান্স এগ্‌জ়াম ফর পলিটেকনিক (জেক্সপো) পাশ করতে হবে। ওই পরীক্ষাটি মাধ্যমিক পাশ করার পর দেওয়া যেতে পারে। তবে, উচ্চশিক্ষার জন্য ডিপ্লোমার পর ডিগ্রি অর্জন করা আবশ্যক।

কী পড়ানো হয়?

ভূত্বকের নানা স্তরে নানা ধরনের ধাতু পাওয়া যায়। সেখানে খনিজ আকরিক হিসেবে অ্যালুমিনিয়াম, লোহা, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, তামা, সোনা ও রুপোর সন্ধান মেলে। ওই সব ধাতু কী ভাবে খনন করে উত্তোলন করা যেতে পারে, সে কৌশল শেখানো হয়ে থাকে মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে। মূলত ভূগর্ভস্থ এলাকা এবং মাটির উপরে থাকা খনি (ওপেন কাস্ট মাইন) থেকে ধাতু উত্তোলন করা হয়ে থাকে। চিহ্নিত এলাকার কোন অংশ থেকে ধাতু উত্তোলন করা যাবে, কোন অবস্থায় তা সুরক্ষিত ভাবে উত্তোলন করা যেতে পারে, তা শেখানো হয়।

এ ছাড়াও বিভিন্ন সময়ে ভূ-গর্ভস্থ খনি থেকে ‘বিষাক্ত’ গ্যাস নির্গত হয়ে থাকে। তা থেকে কর্মীদের সুরক্ষিত রাখে বিশেষ ভেন্টিলেশন টানেল তৈরি করা হয়। সেই টানেল তৈরি করা এবং তাতে নজরদারির কৌশলও শেখানো হয় মাইনিং ইঞ্জিনিয়ারিং বিষয়ে। কোনও এলাকা খনির জন্য চিহ্নিত হওয়ার পর সেখান থেকে সুরক্ষিত ভাবে ধাতু উত্তোলনের জন্য ড্রিলিং এবং বিস্ফোরণ সংক্রান্ত কাজ নিয়েও পড়াশোনা করার সুযোগ থাকে।

কোথায় পড়ার সুযোগ?

  • মাইনিং ইঞ্জিনিয়ারিং বিষয়টি দেশের বাছাই করা প্রতিষ্ঠানে ব্যাচেলর অফ টেকনোলজি (বিটেক) ডিগ্রি কোর্সের অধীনে পড়ানো হয়ে থাকে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (ইন্ডিয়ান স্কুল অফ মাইনস) ধানবাদ, আইআইটি খড়গপুর, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স শিবপুর, এনআইটি রাউরকেলা, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় এবং আদর্শ কলেজ অফ ইঞ্জিনিয়ারিং থেকে পড়ুয়ারা ওই বিষয় নিয়ে পড়াশোনার সুযোগ পেতে পারেন।
  • আইআইটি এবং এনআইটি প্রতিষ্ঠানগুলি থেকে পরবর্তীতে স্নাতকোত্তর স্তরে ডিগ্রি অর্জন এবং পিএইচডি-রও সুযোগ পাওয়া যায়।
  • ডিপ্লোমা কোর্সটি পশ্চিমবঙ্গ রাজ্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন সংসদ তথা কারিগরি শিক্ষা বিভাগের অধীনে করানো হয়ে থাকে। এ ছাড়াও ওড়িশা, ঝাড়খণ্ডের কিছু সরকারি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট বিষয় নিয়ে পড়াশোনার সুযোগ পাওয়া যায়।

খরচ:

আইআইটি প্রতিষ্ঠান থেকে উল্লিখিত বিষয় নিয়ে উচ্চশিক্ষার জন্য বছরে ১ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে। তবে, সরকারি বিশ্ববিদ্যালয়ে ওই বিষয় নিয়ে পড়াশোনার বার্ষিক খরচ সব মিলিয়ে ৫০ হাজার টাকা থেকে এক লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে।

চাকরির সুযোগ:

দেশের বিভিন্ন সরকারি এবং সরকারপোষিত সংস্থায় মাইনিং ইঞ্জিনিয়ারিং-এ উচ্চশিক্ষিতদের নিয়োগ করা হয়ে থাকে। এর মধ্যে কোল ইন্ডিয়া লিমিটেড, ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, হিন্দুস্থান কপার লিমিটেড, জিয়োলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, অয়েল অ্যান্ড ন্যাচরাল গ্যাস কর্পোরেশন, ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন-এর মতো সংস্থায় নিয়মিত কাজের সুযোগ মেলে।

প্রাথমিক পর্যায়ে মাইনিং ইঞ্জিনিয়ার, মাইন প্ল্যানার, সেফটি অফিসার, সার্ভেয়ার, ড্রিলিং ইঞ্জিনিয়ার পদে ট্রেনি হিসাবে যোগদানের সুযোগ পাওয়া যায়। প্রশিক্ষণ সম্পূর্ণ হওয়ার পর উল্লিখিত পদে স্থায়ী চাকরি মেলে। এ ছাড়াও তাঁদের মাইন ম্যানেজার, জিয়োটেকনিক্যাল ইঞ্জিনিয়ার, ড্রিল অ্যান্ড ব্লাস্ট ইঞ্জিনিয়ার হিসাবে পদোন্নতিও হতে পারে।

mining area Govt Jobs for Engineers job prospect Engineering Students
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy