স্কুল জীবনের শেষ বড় পরীক্ষা উচ্চ মাধ্যমিক। কিন্তু এ বার একেবারে নতুন ধাঁচে। সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে। তবে চূড়ান্ত তথা চতুর্থ সেমেস্টার হবে ব্যাখ্যামূলক প্রশ্নে। পরীক্ষা শুরু বৃহস্পতিবার। কমার্স বা বাণিজ্য শাখায় যাদের পড়াশোনা, তাদের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় অ্যাকাউন্টেন্সি এবং কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন। এই দু’টি বিষয়েই ভাল ফল করা সম্ভব। কোন কৌশলে তা সম্ভব, উপায় বাতলে দিলেন যোধপুর পার্ক গার্লস উচ্চ বিদ্যালয়ের বাণিজ্যের শিক্ষিকা স্মৃতি মুখোপাধ্যায়।
অ্যাকাউন্টেন্সি বা হিসাবশাস্ত্র—
স্মৃতি জানিয়েছেন, পরীক্ষায় থাকবে মোট ৪০ নম্বর। প্রশ্নপত্রে পার্টনারশিপ থেকে আসবে ২৫ নম্বর, কোম্পানি অ্যাকাউন্টস থেকে ১০ নম্বর এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে ৫ নম্বর।
এ বছর পার্টনারশিপের মধ্যে রয়েছে মূলত অ্যাডমিশন, রিটায়ারমেন্ট, ডেথ এবং ডিজ়োলিউশন। এর মধ্যে ডিজ়োলিউশন বিষয়টি প্রথম বার পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হয়েছে। তাই এখান থেকে তুলনামূলকভাবে সহজ প্রশ্ন আসারই সম্ভাবনা রয়েছে।
প্রথম দু’টি বিষয় যে হেতু নতুন নয়, তাই সেগুলির প্রশ্ন সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে গত কয়েক বছরের প্রশ্নপত্র থেকে।
তাঁর মতে, হিসাবশাস্ত্রের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত অঙ্কের উপর। তবে প্রতিটি অঙ্কের সঙ্গে থিয়োরি বা তত্ত্বগত প্রশ্নও আসবে। তাই সে দিকেও গুরুত্ব কম দিলে চলবে না।
তবে অঙ্ক বা থিয়োরি— যে কোনও একটি প্রশ্নেরই উত্তর দেওয়া যায়। কিন্তু থিয়োরির উত্তর লিখলে পূর্ণমান পাওয়ার সম্ভাবনা প্রায় থাকে না বললেই চলে। সেখানে অঙ্ক ঠিক হলে পুরো নম্বর পাওয়া যায়।
তাই স্মৃতির পরামর্শ, প্রশ্নপত্র হাতে পেয়ে প্রশ্নগুলি পড়ে দেখতে হবে ভাল করে। কোন কোন প্রশ্নের উত্তর দেওয়া সহজ হবে, তা আগেই স্থির করে নিতে হবে।
জানা প্রশ্নের উত্তর আগে লিখে ফেলতে হবে। কারণ, সেখানে কম সময় লাগবে। কোন প্রশ্নের উত্তর লিখতে কতটা সময় ব্যয় করা যাবে, তার একটা ছকও তৈরি করে নিতে হবে। উত্তরপত্রের পরিষ্কার করে প্রশ্নের নম্বর এবং বিভাগ লিখতে হবে নির্ভুল ভাবে।
প্রতিটি অঙ্ক কী ভাবে করা হয়েছে, তা যেন উত্তরপত্রে স্পষ্ট থাকে।
পাশাপাশি, প্রোফর্মা-র প্রতিও যত্নবান হওয়া উচিত।
আরও পড়ুন:
কস্টিং অ্যান্ড ট্যাকেশন—
স্মৃতি বলেছেন, “কস্টিং-এর প্রথম অধ্যায় মেথডস অফ রেম্যুনারেশন থেকে হালসে রোয়ান-এর অঙ্ক খুব জটিল নয়। তাই এখান থেকে অবশ্যই প্রশ্নের উত্তর দেওয়া উচিত। সঙ্গে থিয়োরিও পড়তে হবে। ভাল নম্বর পেতে গেলে দু’টিই দরকার।”
তিনি জানিয়েছেন, সাজেশন-এর ভরসা না করাই ভাল। পাঠ্যপুস্তক ভাল ভাবে পড়লেই ভাল নম্বর উঠবে। ওভারহেড-এর অধ্যায় থেকে অ্যালোকেশন অফ ওভারহেড-এর অঙ্ক আগে করার চেষ্টা করতে হবে। সঙ্গে পড়তে হবে থিয়োরি।
ট্যাক্সেশন-এর থেকে সবচেয়ে বেশি নম্বরের প্রশ্ন আসে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি থেকে। সেখান থেকে অন্তত একটি অঙ্ক করতেই হয়। তাই কিছু ছাড়া যাবে না।
স্পষ্ট ভাবে উত্তর লেখা ছাড়াও হাতের লেখা হতে হবে পরিচ্ছন্ন।