Advertisement
E-Paper

দ্বাদশের পর আইসার কলকাতায় পড়াশোনা! কী ভাবে প্রস্তুতি, প্রয়োজন কোন যোগ্যতার?

প্রবেশিকার মাধ্যমে আইসার মোহালি, আইসার ভোপাল, আইসার তিরুপতিতেও স্নাতকে ভর্তির সুযোগ রয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২৯
IISER Kolkata

আইসার কলকাতা। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইসার) অন্যতম নামী সরকারি বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান। দেশের মোট সাতটি আইসার-এর মধ্যে একটি আইসার কলকাতা। বিজ্ঞানের নানা বিষয়ে গবেষণার পাশাপাশি প্রতিষ্ঠানে স্নাতকে ভর্তিরও সুযোগ মেলে। চলতি বছরে বিভিন্ন বোর্ড থেকে যারা উচ্চ মাধ্যমিক দেবে, তারা উচ্চশিক্ষার জন্য এই প্রতিষ্ঠান বেছে নিতে পারে।

কোন কোর্স পড়ানো হয়?

আইসার কলকাতায় ২০০৬ সাল থেকেই একটি ইন্টিগ্রেটেড কোর্স পড়ানো হয়। পড়ুয়ারা কম্পিউটেশনাল এবং ডেটা সায়েন্সে বিএস-এমএস ডিগ্রি অর্জনের সুযোগ পান। কোর্সের মেয়াদ পাঁচ বছরের।

কী পড়ানো হয় কোর্সে?

প্রথম বছরে পড়ুয়াদের বায়োলজিক্যাল, কেমিক্যাল, ম্যাথমেটিক্যাল, ফিজ়িক্যাল এবং আর্থ সায়েন্স-এর মতো বেসিক সায়েন্স পড়ানো হয়। এ ছাড়াও থাকে কম্পিউটার প্রোগ্রামিং এবং হিউম্যানিটিজ়। দ্বিতীয় বছরে, উপরোক্ত বিষয়গুলির মধ্যে থেকে তিনটি বিষয়কে প্রি-মেজর হিসাবে বেছে নিতে পারেন পড়ুয়ারা। তৃতীয় এবং চতুর্থ বছরে পড়ুয়াদের তিনটি প্রি-মেজর বিষয় থেকে একটি মেজর হিসাবে বেছে নিতে হয়। এ ছাড়াও রাখতে হয় ইন্টারডিসিপ্লিনারি একটি ঐচ্ছিক বিষয়। পঞ্চম বা চূড়ান্ত বর্ষে পড়ুয়ারা যে বিষয়ে গবেষণাপত্র লিখবেন, তার গবেষণা, প্রজেক্ট তৈরি, প্রশিক্ষণ গ্রহণের কাজ করতে হয়।

যোগ্যতা—

পড়ুয়াদের যে কোনও বোর্ড থেকে ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে দ্বাদশের চূড়ান্ত পরীক্ষা দিতে হবে। জীববিদ্যা, রসায়ন, গণিত এবং পদার্থবিদ্যা-সহ বিজ্ঞান বিভাগে ন্যূনতম ৬০ শতাংশ পাওয়া প্রয়োজন।

প্রবেশিকা—

আইসার অ্যাডমিশন টেস্ট (আইএটি)-র মাধ্যমে দেশের বিভিন্ন আইসার-এ ভর্তির সুযোগ মেলে। চলতি বছরের পরীক্ষা আয়োজিত হবে আগামী ৭ জুন। দেশের বিভিন্ন শহরে কম্পিউটার নির্ভর এই পরীক্ষার আয়োজন করা হবে। পরীক্ষার আবেদন গ্রহণের শেষ দিন ১৩ এপ্রিল। অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে ২৪ মে।

পরীক্ষার ধরন—

পরীক্ষাটি তিন ঘণ্টার। এর মধ্যে মোট ৬০টি বহুবিকল্পভিত্তিক (এমসিকিউ) প্রশ্নের উত্তর দিতে হবে। পরীক্ষার মোট নম্বর ২৪০। প্রশ্ন আসবে জীববিদ্যা, রসায়ন, গণিত এবং পদার্থবিদ্যার উপর। প্রতিটি সঠিক উত্তরে জন্য মিলবে ৪ নম্বর করে। ভুল উত্তরের জন্য কাটা যাবে ১ নম্বর করে। উত্তর না দিলে শূন্য মিলবে।

কলকাতা ছাড়া আর কোন আইসার-এ ভর্তির সুযোগ রয়েছে?

প্রবেশিকার মাধ্যমে আইসার মোহালি, আইসার ভোপাল, আইসার তিরুপতিতেও স্নাতকে ভর্তির সুযোগ রয়েছে।

Indian Institute of Science Education and Research, Kolkata IISER Kolkata IAT 2026 IISER Admission Test 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy