দীর্ঘ অপেক্ষার পর রবিবার, ১ মার্চ এসএসসি আয়োজন করতে চলেছে গ্রুপ-সি শিক্ষাকর্মী নিয়োগ পরীক্ষা। আর এ দিনই রাজ্যে আসতে চলেছে কেন্দ্রীয় বাহিনী। স্কুল-কলেজগুলিতে আধাসেনার থাকার বন্দোবস্ত করতে হবে পুলিশকে। শুধু ১ মার্চ নয়, বিধানসভা ভোটের আবহে আগামী ৮ মার্চও গ্রুপ-ডি নিয়োগ পরীক্ষা হবে। ফলে আশঙ্কায় ভুগছে কমিশন।
শনিবার স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে, পরীক্ষাকেন্দ্রগুলিতে যাতে কোনও ভাবেই কেন্দ্রীয় বাহিনী প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করতে বলা হয়েছে প্রশাসনকে। এ বিষয়ে ইতিমধ্যেই ডিজি ও পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছেন কর্তৃপক্ষ।
এসএসসি গ্রুপ সি এবং ডি নিয়োগ পরীক্ষা। গ্রাফিক: আনন্দবাজার ডট কম
কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, “পরীক্ষার সব রকম প্রস্তুতি সারা। নিরাপত্তার সব রকম ব্যবস্থা রয়েছে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরু দু’ঘণ্টা আগে কেন্দ্রে আসতে বলা হয়েছে। যাতে দেহতল্লাশির ক্ষেত্রে কোনও অসুবিধে না হয়।” সূত্রের খবর, রবিবার রাজ্য জুড়ে ১৬৯৩ টি পরীক্ষাকেন্দ্রে গ্রুপ-সি নিয়োগের লিখিত পরীক্ষা হবে। গ্রুপ-সি পরীক্ষা জন্য আবেদন করেছেন ৮ লক্ষ ৪ হাজার প্রার্থী। এ দিকে গ্রুপ সি শূন্যপদ রয়েছে ২৯৮৯ টি।
গ্রুপ-সি ও গ্রুপ-ডি মিলিয়ে মোট পরীক্ষাকেন্দ্র রয়েছে ৩৪০০টি। গ্রুপ-ডি পরীক্ষার জন্য আবেদন জমা পড়েছে ৮ লক্ষ ৯ হাজার। উভয় পরীক্ষায় পরীক্ষার্থীদের বুট বা বন্ধ জুতো পরে আসায় নিষেধাজ্ঞ়া জারি করা হয়েছে। চপ্পল বা হাওয়াই চটি পরে পরীক্ষা দিতে আসতে হবে। এ ছাড়া কোনরকম ইলেকট্রনিক গ্যাজেট, ক্যালকুলেটর ও মোবাইল নিয়ে প্রবেশ করতে যাবে না বলে জানানো হয়েছে। কোনও রকম গয়না পরাো যাবে না।
উভয় পরীক্ষাই শুরু বেলা ১২টা থেকে। সকাল ১০টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে বলা হয়েছে পরীক্ষার্থীদের। ১১টা ৪৫ মিনিটের পর আর কোনও পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের দেহতল্লাশি করা হবে। স্বচ্ছ জলের বোতল, কলম ও অ্যাডমিট কার্ড ছাড়া অন্য কিছুর রাখা যাবে না। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষার্থীরা পরীক্ষা হলের বাইরে বেরোতে পারবেন না।
বিশেষ ভাবে সক্ষম পরীক্ষার্থীরা প্রতিলিপিকার বা রাইটার নিয়ে পরীক্ষা দিতে পারবেন, সে ক্ষেত্রে তাঁদের অতিরিক্ত ৩০ মিনিট সময় দেওয়া হবে। গ্রুপ-সি লিখিত পরীক্ষার পূর্ণমান ৬০। পরীক্ষা শেষ হবে দুপুর ১ টা ৫০ মিনিটে। গ্রুপ-ডি পরীক্ষার পূর্ণমান ৪০।