Advertisement
E-Paper

অপরিবর্তিত স্নাতকোত্তর ভর্তি প্রক্রিয়া! উচ্চ শিক্ষা দফতরের বিজ্ঞপ্তির পর জানাল কলকাতা বিশ্ববিদ্যালয়

সম্প্রতি উচ্চ শিক্ষা দফতর যে বিজ্ঞপ্তি দিয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে, যে সব বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজ রয়েছে তাদের স্নাতকোত্তর স্তরের শূন্যপদ পূরণের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পড়ুয়া এবং অন্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার অনুপাত থাকবে ৮০:২০। কিন্তু বিশ্ববিদ্যালয় সর্বসম্মত ভাবে সিদ্ধান্ত নিয়েছিল সেই অনুপাত থাকবে ৬০:৪০।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মে ২০২৬ ১৬:৫৪

— প্রতীকী চিত্র।

উচ্চ শিক্ষা দফতরের বিজ্ঞপ্তি প্রকাশের পরও স্নাতকোত্তরে ভর্তির নিয়ম অপরিবর্তিতই রাখলেন কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে সরকারি বিজ্ঞপ্তি মেনে ১ অগস্ট থেকেই স্নাতকোত্তরের ক্লাস শুরু হবে বলে জানান কর্তৃপক্ষ।

স্নাতকোত্তরের শিক্ষাবর্ষ সঠিক সময়ে চালু করতে এর আগেই দফতরের কর্তারা আলোচনা করেছিলেন। এ বার বিজ্ঞপ্তি দিয়ে তা-ই জানালেন কর্তৃপক্ষ। কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি নিয়মের পার্থক্য ছিল। সেটা নিয়েই চর্চা শুরু হয়েছিল। বুধবার সন্ধ্যায় বিশেষ বৈঠকে বসেছিলেন কর্তৃপক্ষ। সেখানেই নিয়ম অপরিবর্তিত রাখার কথা বলা হয়।

সম্প্রতি উচ্চ শিক্ষা দফতর যে বিজ্ঞপ্তি দিয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে, যে সব বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজ রয়েছে তাদের স্নাতকোত্তর স্তরের শূন্যপদ পূরণের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পড়ুয়া এবং অন্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার অনুপাত থাকবে ৮০:২০। কিন্তু বিশ্ববিদ্যালয় সর্বসম্মত ভাবে সিদ্ধান্ত নিয়েছিল সেই অনুপাত থাকবে ৬০:৪০। এই বিষয় নিয়েই বৈঠকে ঠিক হয়েছে যে নিয়ম অপরিবর্তিতই থাকছে। কারণ হিসেবে উপাচার্য আশুতোষ ঘোষ এ দিন জানান ৬০ শতাংশের মধ্যে এই বছরের পড়ুয়ারা ভর্তি হতে পারবেন, অর্থাৎ যাঁরা বর্তমানে ষষ্ঠ সেমেস্টারে পড়ছেন।

কিন্তু আগের শিক্ষাবর্ষের পড়ুয়ারাও ভর্তি হতে চাইতে পারেন। তাঁরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া হলেও ‘নিয়মিত’ পড়ুয়া নন, সে ক্ষেত্রে তাঁরা ৬০ শতাংশের অন্তর্ভুক্ত হবেন না। সে ক্ষেত্রে তাঁরাও ওই বাকি ৪০ শতাংশের মধ্যেই নথিভুক্ত হবেন। ফলে সরকারের নির্দেশ কোনও ভাবেই অমান্য করা হচ্ছে না। সরকার যে ভাবে নিজস্ব পড়ুয়াদের ক্ষেত্রে বাড়তি সুবিধা দেওয়ার পক্ষে সে ভাবেই নিজস্ব পড়ুয়ারা সুবিধা পাবেন বলেই মত কর্তৃপক্ষের।

তবে একটি ক্ষেত্রে নিয়মের কিছুটা পরিবর্তন করা হয়েছে। বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তরে ভর্তি হতে গেলে পঞ্চম সেমেস্টারে সাধারণ পড়ুয়াদের জন্য ৫৫ শতাংশের পরিবর্তে ৫০ শতাংশ এবং তপসিলি জাতি ও উপজাতিভুক্তদের জন্য ৫০-এর পরিবর্তে ৫ শতাংশ করা হয়েছে বলে জানান উপাচার্য। এই পরিবর্তন চলতি বছরের জন্যই, বলে জানান তিনি। যে হেতু পঞ্চম সেমেস্টারের নম্বরের ভিত্তিতে ভর্তি করা হচ্ছে। সে কারণে কিছুটা ছাড় দেওয়া হচ্ছে বলে তাঁর দাবি।

বিশ্ববিদ্যালয়ের এক কর্তা জানান, স্নাতকের ষষ্ঠ সেমেস্টারের আগেই দু’বছরের স্নাতকোত্তরের প্রবেশিকা পরীক্ষা নেবে কলকাতা বিশ্ববিদ্যালয়। বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছিল। কারণ ১ জুলাই থেকেই শিক্ষাবর্ষ শুরু করতে চায় কলকাতা বিশ্ববিদ্যালয়। সে কারণে আগে থেকেই প্রবেশিকা পরীক্ষা করিয়ে ক্লাস শুরু করতে চান কর্তৃপক্ষ। এ বার উচ্চ শিক্ষা দফতরের বিজ্ঞপ্তির পরে সেই নিয়ম বদল করে দফতরের বেঁধে দেওয়া অনুপাত বজায় রাখার সিদ্ধান্তই নিলেন কর্তৃপক্ষ। তবে উচ্চ শিক্ষা দফতর ১ অগস্ট থেকে শিক্ষাবর্ষ শুরু নির্দেশ দিলেও ১ জুলাই থেকেই শিক্ষাবর্ষ শুরু করতে চান কর্তৃপক্ষ। সে ক্ষেত্রে পড়ুয়ারা হাতে বাড়তি সময় পাবে বলেও মনে করেন তাঁরা।

PG Admission 2026 CU
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy