Advertisement
E-Paper

উচ্চ মাধ্যমিকে ‘সেরা চার’, দেখা হবে বিষয়ের নম্বরও! স্নাতক নিয়ে রিপোর্ট কলকাতা বিশ্ববিদ্যালয়ের

গত মাসে উচ্চ শিক্ষা দফতরের তরফে অভিন্ন মেধাতালিকা প্রকাশের প্রস্তাব দেওয়া হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। যে সব বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুমোদিত কলেজ রয়েছে তাদের ক্ষেত্রেই নীতি কার্যকর করার কথা বলা হয়।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ ১৯:৩৬

— প্রতীকী চিত্র।

স্নাতকে ভর্তির ক্ষেত্রে ‘সেরা চার’ বিষয়ের নম্বর বিবেচনা করা হবে? না কি যে বিষয়ে স্নাতক পড়তে চায় প্রার্থী উচ্চ মাধ্যমিকে সেই বিষয়ে প্রাপ্ত নম্বরই গুরুত্ব পাবে? এ বিষয়ে গত কয়েক দিন ধরেই আলোচনা চলছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে। বুধবার উচ্চ শিক্ষা দফতরে রিপোর্ট পাঠালেন কর্তৃপক্ষ।

কলকাতা বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, গত মাসে উচ্চ শিক্ষা দফতরের তরফে অভিন্ন মেধাতালিকা প্রকাশের প্রস্তাব দেওয়া হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। যে সব বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুমোদিত কলেজ রয়েছে তাদের ক্ষেত্রেই ‘সেরা চার’ -এর নীতি কার্যকর হবে বলে জানানো হয়। এ ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে কোনও পড়ুয়ার প্রাপ্ত ‘বেস্ট অফ ফোর’ নম্বরের উপরে জোর দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু সম্প্রতি কলেজ অধ্যক্ষদের সঙ্গে আলোচনায় বসে কলকাতা বিশ্ববিদ্যালয়। সেখানেই এই পদ্ধতিতে আপত্তি জানান অনেক কলেজ অধ্যক্ষই। তাই নিজেদের মধ্যে আলোচনা করে বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রিপোর্ট পাঠালেন উচ্চ শিক্ষা দফতরে।

‘বেস্ট অফ ফোর’ বা ‘সেরা চার’ বিষয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে পড়ুয়া ভর্তি করার ক্ষেত্রে যে সব কলেজ আপত্তি তুলেছিল তাদের মধ্যে কলকাতার বেশ কয়েকটি কলেজের অধ্যক্ষরা ছিলেন। সেখানে জানানো হয়েছিল যে এই পদ্ধতিতে পড়ুয়া এবং কলেজকে বিড়ম্বনার মুখে পড়তে হয়। যে বিষয়ে স্নাতক হতে চাইছেন পড়ুয়া সে বিষয়ে ব্যুৎপত্তি না থাকলে ভবিষ্যতে সমস্যায় পড়তে হয় তাঁকেও।

Advertisement

সূত্রের খবর, এ দিনের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। যে সব পড়ুয়ারা সাধারণ ডিগ্রি কোর্স বা পাস কোর্সে পড়তে চান তাঁদের সেরা চার নম্বরের ভিত্তিতেই ভর্তি নেওয়া যেতে পারে। কিন্তু যাঁরা সাম্মানিক বা অনার্স নিয়ে পড়তে চান তাঁর ক্ষেত্রে নিয়ম অন্য রকম করা হোক।

কী রকম?

বিশ্ববিদ্যালয়ের এক কর্তা জানান, সে ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে সংশ্লিষ্ট বিষয়ের নম্বর এবং সেরা চার নম্বর— দুইই যোগ্যতামান হিসেবে বিবেচিত হবে। যদি কোনও পড়ুয়া কোনও বিষয়ে অনার্স নিতে চান এবং সেই বিষয়ে সব থেকে বেশি নম্বর পান তা হলে ওই নম্বর দু’বার যোগ হবে।

তা যদি না হয়, তা হলে সেরা চারটি বিষয়ের নম্বরের পাশাপাশি বিবেচনা করা হবে ওই বিষয়ের নম্বরও।

উপাচার্য আশুতোষ ঘোষ বলেন, ‘‘সকলের সঙ্গে আলোচনা করে যে সিদ্ধান্তে পৌঁছনো গিয়েছে তা উচ্চ শিক্ষা দফতরে পাঠিয়েছি।’’

CU UG Admission
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy