শিশু শিক্ষা কেন্দ্র (এসএসকে) এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্র (এমএসকে)-এর শিক্ষকদের ৩ শতাংশ বেতন বৃদ্ধি পেল। আগামী ১ ফেব্রুয়ারি থেকে বর্ধিত বেতন কার্যকর হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্কুল শিক্ষা দফতর।
বর্তমানে, এসএসকে-এর এক জন সহায়ক বা সহায়িকা (শিক্ষক) এখন পান ১১,৫৯৩ টাকা। সেই বেতন বৃদ্ধি পেয়ে হবে ১১,৯৪১ টাকা। এমএসকে-এর এক জন সম্প্রসারক বা সম্প্রসারিকা (শিক্ষক বা শিক্ষিকা) এখন বেতন পান ১৪,৬৩২ টাকা। তা বৃদ্ধি পেয়ে হবে ১৫,০৭১ টাকা। এক জন মুখ্য সহায়ক বা মুখ্য সহায়িকা (প্রধান শিক্ষক বা শিক্ষিকা) এখন পান ১৬,২৩১ টাকা। সেই বেতন বৃদ্ধি পেয়ে হবে ১৬,৭১৮ টাকা। এমএসকের এক জন সম্প্রসারক বা সম্প্রসারিকা (শিক্ষক বা শিক্ষিকা) এখন বেতন পান ১৫,০৭১ টাকা। তা বৃদ্ধি পেয়ে হবে ১৫,৫২৩ টাকা।
রাজ্যে পিছিয়ে পড়া শ্রেণির শিশুদের স্কুলে যাওয়ার জন্য উপযোগী করে তোলা হয় এই এসএসকে এবং এমএসকে-এ। সেখানে তাদের প্রাথমিক শিক্ষা দেওয়া হয়। তার পরেই তারা স্কুলে ভর্তি হয়। রাজ্যে শিশু শিক্ষা কেন্দ্রের সংখ্যা ১৬ হাজার। মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের সংখ্যা প্রা দেড় হাজার। মাদ্রাসাতেও রয়েছে মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে। সেগুলির সংখ্যা ৪০০। এখন প্রায় ৪০ হাজার শিক্ষক রয়েছেন রাজ্যের এমএসকে এবং এসএসকে-তে।
আরও পড়ুন:
শিক্ষকদের অভিযোগ, দীর্ঘ দিন তাঁদের বেতন বৃদ্ধি পায়নি। নতুন নিয়োগও হয়নি। ২০১৮-র শেষ থেকে তাঁরা আন্দোলন শুরু করেন। ২০১৯-এ পঞ্চায়েত দফতর থেকে তাঁদের শিক্ষা দফতরের অধীনে আনা হয়। ২০২১-এ ঘোষণা করা হয় যে, এই শিক্ষকদের এককালীন ৫ লক্ষ টাকা অবসর ভাতা দেওয়া হবে। প্রত্যেক বছর ৩ শতাংশ বেতন বৃদ্ধি করা হবে। সেই মতো এ বছর এই বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করা হল।