Advertisement
E-Paper

বিজেপির ‘সংকল্পপত্র’ প্রকাশের আগেই ভবানীপুরের জন্য পৃথক ইস্তাহার শুভেন্দুর! চার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতার আসনে

বৃহস্পতিবার ভবানীপুর আসনে ভোটের লড়াইয়ের জন্য মনোনয়ন জমা দেবেন শুভেন্দু। তার আগে ওই কেন্দ্রের জন্য পৃথক ইস্তাহার প্রকাশ করলেন তিনি। ভবানীপুরবাসীর জন্য চার দফা প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৬ ২০:৩৩
বিধানসভার বিরোধী দলনেতা তথা আসন্ন নির্বাচনে ভবানীপুর আসনের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।

বিধানসভার বিরোধী দলনেতা তথা আসন্ন নির্বাচনে ভবানীপুর আসনের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। —ফাইল চিত্র।

বিধানসভা ভোটের জন্য বিজেপি এখনও তাদের ইস্তাহার (সংকল্পপত্র) প্রকাশ করেনি। তার আগেই ভবানীপুর কেন্দ্রের জন্য পৃথক ভাবে ইস্তাহার প্রকাশ করে দিলেন শুভেন্দু অধিকারী। এই এলাকার বাসিন্দাদের জন্য মোট চার দফা প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দুর এই লড়াইকে যে বিজেপি বাড়তি গুরুত্ব দিচ্ছে, তা আরও স্পষ্ট হল এই পৃথক ইস্তাহারে। এখানকার জনবিন্যাসের কথা মাথায় রেখেই এই ইস্তাহার তৈরি করা হয়েছে। চেষ্টা হয়েছে ভবানীপুরবাসীর প্রায় সব অংশকেই ছুঁয়ে যাওয়ার।

বৃহস্পতিবার ভবানীপুর আসনে ভোটের লড়াইয়ের জন্য মনোনয়ন জমা দেবেন শুভেন্দু। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও থাকবেন শুভেন্দু-সহ বিজেপির অন্য প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার কর্মসূচিতে। হাজরা মোড় থেকে রোড শো করে মমতার বিরুদ্ধে মনোনয়ন জমা দিতে যাবেন বিধানসভার বিরোধী দলনেতা। তার ঠিক আগের দিনই ভবানীপুর কেন্দ্রের জন্য প্রকাশিত হল পৃথক ইস্তাহার ‘বিকশিত ভবানীপুর’। শুভেন্দুর এই ইস্তাহারে চার দফা প্রতিশ্রুতির মধ্যে উল্লেখযোগ্য ভাবে জায়গা পেয়েছে ভবানীপুর অঞ্চলের পুর পরিষেবা। মুখ্যমন্ত্রীর আসনেও সাধারণ জনতা পর্যাপ্ত পুর পরিষেবা পাচ্ছেন না, এমন একটি ধারণা তুলে ধরার চেষ্টা হয়েছে ওই ইস্তাহারে। ভবানীপুরবাসীর জন্য উন্নত পুর পরিষেবার প্রতিশ্রুতি দিয়েছেন শুভেন্দু।

মোট চার দফা মোটা দাগে প্রতিশ্রুতির কথা রয়েছে— উন্নত পরিকাঠামো ও স্বাস্থ্য, সুদৃঢ় আইনশৃঙ্খলা ও নিরাপত্তা, সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ এবং যুবকল্যাণ ও সামাজিক ন্যায়বিচার। ভবানীপুরবাসীর প্রত্যেকের ঘরে নলবাহিত পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন শুভেন্দু। একই সঙ্গে প্রতিটি ওয়ার্ডে বেহাল রাস্তার সংস্কার এবং উন্নত সড়ক নির্মাণের প্রতিশ্রুতিও দিয়েছেন। কলকাতায় অতীতে বর্ষাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর বিভিন্ন ঘটনা ঘটেছে। শুভেন্দু তাঁর ‘বিকশিত ভবানীপুর’-এ এই সমস্যা দূর করারও প্রতিশ্রুতি দিয়েছেন। অত্যাধুনিক জলনিকাশি ব্যবস্থার আশ্বাস দিয়েছেন। সরকারি হাসপাতালগুলিতে উন্নত স্বাস্থ্য পরিষেবা এবং দালালমুক্ত পরিবেশ গড়ে তোলার কথাও বলেছেন।

ইস্তাহার তৈরির সময়ে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ব্যবসায়ীদের কথাও মাথায় রাখা হয়েছে। শুভেন্দুর আশ্বাস, গয়নার দোকানে সশস্ত্র হামলা রুখে ব্যবসায়ীদের জন্য তোলাবাজিমুক্ত এবং ভয়মুক্ত ব্যবসার পরিবেশ গড়ে তোলা হবে। একই সঙ্গে অবৈধ নির্মাণ, জোর করে সম্পত্তি হস্তান্তর এবং জবরদখলও বন্ধ করার বার্তা দিয়েছেন তিনি। প্রতিশ্রুতি দিয়েছেন, পুলিশি ব্যবস্থা থাকবে রাজনৈতিক প্রভাবমুক্ত। মহিলাদের জন্য ১০০ শতাংশ সুরক্ষিত পরিবেশ তৈরি রাখার কথাও বলেছেন তিনি। রাতের পার্কিংয়ের নামে অবৈধ তোলাবাজি এবং সিন্ডিকেটরাজ বন্ধ করার কথাও বলেছেন।

এ সবের পাশাপাশি আদিগঙ্গার সংস্কার করে সেখানকার ঘাটগুলিকে স্নানযোগ্য করে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন শুভেন্দু। সুভাষচন্দ্র বসু, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ি-সহ ওই এলাকার বিভিন্ন মঠ, মন্দির, গুরুদ্বারকে রাজনীতিমুক্ত রাখার কথাও বলেছেন। কালীঘাটের কুমোর, মৃৎশিল্পী এবং পটশিল্পের জন্য বিশেষ সরকারি সাহায্যেরও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির জন্য সরকারি স্কুলগুলিতে ‘স্কিল ডেভেলপমেন্ট’ কর্মসূচি চালু করার কথা বলেছেন বিরোধী দলনেতা। জানিয়েছেন, আগামী প্রজন্মের জন্য সুস্থ এবং নেশামুক্ত সমাজ গড়ে তোলা হবে।

রাজ্য বিজেপি সম্প্রতি তৃণমূলের বিরুদ্ধে তাদের ‘চার্জশিট’ প্রকাশ করেছে। রাজ্যস্তরে ওই ‘চার্জশিট’ প্রকাশের আগে প্রত্যেক বিধানসভা ধরে ধরেও ‘চার্জশিট’ প্রকাশ্যে এনেছিল বিজেপি। সেগুলিতে মূলত সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের স্থানীয় সমস্যাগুলিকে তুলে ধরা হয়েছিল। এ বার ‘সংকল্পপত্র’ প্রকাশের আগে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের জন্যও আলাদা ইস্তাহার প্রকাশ করল বিজেপি। তবে অন্য কোনও বিধানসভা কেন্দ্রের জন্য এমন পৃথক ইস্তাহার এখনও প্রকাশ্যে আসেনি। মমতার আসন ভবানীপুরে শুভেন্দুর এই লড়াইকে যে বিজেপি নেতৃত্ব বাড়তি গুরুত্ব দিচ্ছেন এবং ভবানীপুরের জন্য তাদের যে বিশেষ পরিকল্পনা রয়েছে, তা এই পৃথক ইস্তাহার থেকে আরও স্পষ্ট হল।

Suvendu Adhikari BJP West Bengal Politics West Bengal BJP
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy