Advertisement
E-Paper

শাড়ি থেকে জার্সি, সীতাভোগ থেকে কুলফি, মিটিং ঘিরে হরেকরকমবা ব্রিগেড, শুধু প্যাটিসের খোঁজ মিলল না!

বিজেপির ব্রিগেড সমাবেশে অস্থায়ী দোকান বসেছিল প্রচুর। যে হকারেরা ময়দানে ঘুরে ঘুরে চা-কফি, বাদাম, লজেন্স ইত্যাদি বিক্রি করেন, তাঁরা ছিলেনই। তা ছাড়াও প্রচুর খুচরো এবং ছোট ব্যবসায়ী ভিড় করেছিলেন ময়দানে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ২০:৪৬
ব্রিগেডে দেদার বিক্রিবাটা।

ব্রিগেডে দেদার বিক্রিবাটা। —নিজস্ব ছবি।

একই ময়দান, সেই বিজেপির কর্মসূচি। কর্মী-সমর্থক থেকে আমজনতার ভিড়ে চলল মেলার মতো বিক্রিবাটা। শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমাবেশে খাবারের মধ্যে ডিম-ভাত, ডিম-পাউরুটির দোকান ছিল। পোশাকের মধ্যে আড়াইশো টাকার শাড়ি, ১০০ টাকার ট্র্যাকশ্যুট, টি শার্ট, বারমুডা দোকানি ছিলেন। কিন্তু দেখা মেলেনি মহম্মদ সালাউদ্দিন, শেখ রিয়াজুলদের। ব্রিগেডমুখী জনতা ঘুগনি, চটপটি চেখে দেখেছেন। অনেক খুঁজেও প্যাটিস পাননি কেউ!

৭ ডিসেম্বর, ২০২৫। দিনটা ছিল রবিবার। শীতের ময়দানে গীতাপাঠের কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৎকালীন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ছিলেন বিজেপির শীর্ষ নেতারা। দুপুরে সেই কর্মসূচির মধ্যে আচমকা হইচই। ছড়িয়ে পড়া দুটো ভিডিয়ো দেখে অচিরে শোরগোল রাজ্য রাজনীতিতে। অভিযোগ, ‘ভেজ প্যাটিস’ বলে ‘সনাতনী’দের ‘চিকেন প্যাটিস’ খাইয়েছেন দুই খাবার বিক্রেতা, সালাউদ্দিন এবং রিয়াজুল।

দুই বিক্রেতাকে কান ধরে ওঠবোস করানো হয়। করা হয় মারধরও। রিয়াজুল অভিযোগ করেন প্রায় ৩ হাজার টাকার খাবার মাটিতে ফেলে নষ্ট করে দেন বিজেপির কর্মী এবং সমর্থকেরা। তিনি দাবি করেছিলেন, মিথ্যা বলে কাউকে খাবার বিক্রি করেননি। তার পরেও ভাবাবাগে আঘাতের অভিযোগে এমন আক্রমণ! ঘটনাক্রমে হুগলির আরামবাগ এবং কলকাতার তপসিয়ার দুই প্যাটিস বিক্রেতা থানায় অভিযোগ করেছিলেন। ওই ঘটনায় তিন জনকে গ্রেফতারও করেছিল পুলিশ। পরে সকলেই জামিন পান। তবে ভয়ে সালাউদ্দিন আর ব্রিগেড মাড়াননি।

ব্রিগেডে খাবারের দোকান।

ব্রিগেডে খাবারের দোকান। ছবি: সারমিন বেগম।

তিন মাসের ব্যবধানে ময়দানে আবার বিজেপির কর্মসূচি। ১৪ মার্চ, শনিবার ব্রিগেডে তাঁর যুগপৎ সভায় ভিড় দেখে বেজায় খুশি প্রধানমন্ত্রীর নির্ঘোষ, এ বার পশ্চিমবঙ্গে পরিবর্তন অবশ্যম্ভাবী।

আসলে আমজনতরা ভিড় যেমন হয়েছে, দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি বিজেপির ব্রিগেড সমাবেশ উপলক্ষে অস্থায়ী দোকানও বসেছিল প্রচুর। প্রতি দিন যে হকারেরা ময়দানে ঘুরে ঘুরে চা-কফি, বাদাম, লজেন্স ইত্যাদি বিক্রি করেন, তাঁরা তো ছিলেনই। তা ছাড়াও বাইরে থেকেও প্রচুর খুচরো এবং ছোট ব্যবসায়ী ভিড় করেছিলেন ময়দানে। চড়া রোদে ঘেমে-নেয়ে ব্রিগেডগামী মানুষজন গাছতলায় জিরোতে জিরোতে আইসক্রিম, লজেন্স কিনেছেন।

স্বস্তি!

স্বস্তি! ছবি: সারমিন বেগম।

প্রধানমন্ত্রী ব্রিগেডে উপস্থিত হওয়ার আগেই টুকিটাকি কেনাকাটা সেরে ফেলেছেন বিজেপির মহিলা কর্মী-সমর্থকেরা। ব্রিগেডে আসা মনিহারি দোকান থেকে নিজের জন্য ইমিটেশনের দুল, চুড়ি এবং টিপ কিনেছেন কেউ কেউ। বাড়িতে থাকা ছোট্ট মেয়েটার কথা ভেবে পুতুল কিনে কাঁধের ব্যাগে ঢুকিয়েছেন। তা ছাড়াও জুতো, চপ্পল, হাতপাখা, শাড়ি— কিসের দোকান ছিল না!

চুলের ক্লিপ থেকে টিপ, হরেক জিনিস মিলল ব্রিগেডে।

চুলের ক্লিপ থেকে টিপ, হরেক জিনিস মিলল ব্রিগেডে। ছবি: সারমিন বেগম।

ব্রিগেডে বিজেপির সভায় শাড়ি বিক্রি করবেন বলে নদিয়ার শান্তিপুর থেকে এসেছিলেন বিজন বিশ্বাস। তাঁর দোকানের শাড়ির বিশেষত্ব বিজেপির মহিলা কর্মীদের নজর কেড়েছে। নানা রঙের শাড়ির পাড়ে পদ্ম আঁকা, কোনওটির জমিনে বাংলায় লেখা ‘জয় শ্রীরাম’, ‘বাঁচতে চাই, বিজেপি তাই’। ত্রিপল পেতে পসরা সাজিয়ে দিয়েছিলেন বিজন। প্রত্যাশার বেশিই বিক্রিবাটা হয়েছে তাঁর। অনেকে তাঁর ‘কার্ড’ নিয়ে গিয়েছেন। মোবাইলে যোগাযোগ করলে বরাত অনুযায়ী শাড়ি সরবরাহ করে দেবেন। পুরুষদের জন্য বিশেষ স্কার্ফ, টুপি, ক্যাপেরও বেশ কয়েকটি দোকান ছিল। সেখানেও ভিড় হয়েছে ভাল। কোল্ডপ্লে, কেকেআর, মোহনবাগান, ইস্টবেঙ্গলের জার্সিও বিক্রি হয়েছে ব্রিগেডে।

একশো টাকায় ট্রাউজ়ার্স।

একশো টাকায় ট্রাউজ়ার্স। ছবি: সারমিন বেগম।

খাবারের মধ্যে ছিল ডিম-ভাত, সব্জি-ভাতের দোকান। থার্মোকলের থালায় ডিম-ভাত পাওয়া গিয়েছে ৭০ টাকায়। সব্জি-ভাতের দাম কোথাও ৪৫, কোথাও ৫০ টাকা। সকাল সকাল হুগলি, পূর্ব-পশ্চিম মেদিনীপুর থেকে আগত অনেকেই দুপুরে দু’মুঠো খেয়ে নিয়েছেন। ‘হালকা খাবার’ খুঁজেছেন যাঁরা, তাঁদেরও নিরাশ হতে হয়নি। ডিম-পাউরুটি, ঘুগনি ছিল। ঝালমুড়ি, চাউমিন, এগরোলও পাওয়া গিয়েছে। মিষ্টিরও হরেক সম্ভার— মিহিদানা, সীতাভোগ, বোঁদে, গজা থেকে মোরব্বা কী নেই! চা-কফি, কুলফি, ঘটিগরম বিক্রেতাও প্রচুর। কিন্তু পুরো ব্রিগেড ঘুরেও অদ্ভুত ভাবে একজন প্যাটিস বিক্রেতারও দেখা মেলেনি! বিজেপির ব্রিগেডের ভিড়ে শোনা যায়নি ‘চিকেন প্যাটিস’, ‘ভেজ প্যাটিস’ বলে কোনও সালাউদ্দিনের হাঁক।

PM Narendra Modi BJP Brigade Rally Kolkata Brigade Brigade Meeting
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy