টি-টোয়েন্টি বিশ্বকাপ মিটলেও পাকিস্তানের ক্রিকেটে বিতর্ক থামার নাম নেই। কোচের হাতে নিরঙ্কুশ ক্ষমতা দেওয়ায় প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিলেন চার নির্বাচক। সাংবাদিক বৈঠক করে কোচ মাইক হেসনের বিরুদ্ধে মুখ খুলেছেন তাঁরা।
যে কোনও ক্রিকেট দলেই কোচ এবং নির্বাচকদের মধ্যে মতানৈক্য থাকে। প্রায় সব ক্ষেত্রেই তা থাকে গোপনে। পাকিস্তানে সেটাই প্রকাশ্যে চলে এসেছে। কোচের বিরুদ্ধে সাংবাদিক বৈঠক করে চার নির্বাচকের সরব হওয়া ক্রিকেটবিশ্বে বিরল। সেটাই করেছেন আকিব জাভেদ, মিসবা উল হক, সরফরাজ় আহমেদ এবং আসাদ শফিক।
আকিব বলেছেন, “দল বাংলাদেশ থেকে ফিরলে আমরা একসঙ্গে বসে কোচ এবং নির্বাচকের সঙ্গে আলোচনা করব। জাতীয় দলের জন্য একটা সঠিক নির্বাচন পদ্ধতি তৈরি করব।” আকিব জানিয়েছেন, গত বছরের মে-তে হেসন দায়িত্ব নেওয়ার আগে পর্যন্ত প্রথম একাদশে ভূমিকা থাকত নির্বাচকদের। এখন আর নেই। তবে হেসনের চাপেই বিশ্বকাপে বাবর আজ়মকে নেওয়া হয়েছে এ কথা মানতে চাননি তিনি।
আরও পড়ুন:
বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়ের পর সে দেশের সংবাদমাধ্যম বার বার কোচ এবং নির্বাচকদের দ্বন্দ্বের খবর প্রকাশ্যে এনেছে। নির্বাচক আলিম দার পদত্যাগও করেছেন। আকিব মনে করেন, অধিনায়কেরও দল নির্বাচনে গুরুত্বপূর্ণ মতামত থাকা উচিত। পাশাপাশি ভবিষ্যতে কী করলে সাফল্য পাওয়া যাবে সে ব্যাপারেও নির্বাচকদের মতামত দিতে পারেন তিনি। সেগুলি নিয়েই তাঁরা ভবিষ্যতে আলোচনা করবেন।