Advertisement
E-Paper

মেডিক্যাল ল্যাব টেকনিশিয়ান হবেন কী ভাবে? সরকারি ক্ষেত্রে কাজের সুযোগ কেমন? রইল সুলুক সন্ধান

রোগীর রক্তের নমুনার গুণগত মান নির্ণয়, পরীক্ষার বৈধতা যাচাই, ডেটা লগিং, ডেটা লেবেলিং, গবেষণাগারের রক্ষণাবেক্ষণ এবং যন্ত্রের সমস্যা সমাধান সম্পর্কিত কাজ করেন মেডিক্যাল ল্যাব টেকনিশিয়ানরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৬ ০৮:৫৫

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

স্বাস্থ্য পরিষেবায় ল্যাব টেকনিশিয়ানদের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। রোগ নির্ণয়ের জন্য রক্তের নমুনা পরীক্ষা বা তা থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করার মতো কাজ তাঁদের করতে হয়। ল্যাব টেকনিশিয়ান হিসাবে যাঁরা কাজ করতে চান, তাঁদের চাকরি পেতে কোন যোগ্যতা থাকা দরকার— এই সংক্রান্ত তথ্য জানানো হল।

সংশ্লিষ্ট পদে কাজ করতে আগ্রহীদের স্বাস্থ্যবিজ্ঞানের অধীনে ল্যাবরেটরি টেকনোলজি বিষয়টি নিয়ে পড়াশোনা করতে হয়। এর মাধ্যমে রোগ নির্ণয়ের কৌশল শেখানো হয়ে থাকে। সংশ্লিষ্ট বিষয়টি ক্লিনিক্যাল ল্যাবরেটরি সায়েন্স নামেও পরিচিত। কারণ, পড়ুয়াদের ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে বসে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে সঠিক ভাবে রোগ নির্ণয় এবং উপশমের বিষয়গুলি চিহ্নিত করার কাজগুলি শিখতে হয়।

কারা পড়তে পারবেন?

Advertisement

বিজ্ঞান বিভাগের বিষয়ে উচ্চ মাধ্যমিক কিংবা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে স্নাতক স্তরে মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি বিষয়ে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া যায়। ভর্তি হওয়ার জন্য পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন বোর্ডের একটি পরীক্ষায় আগ্রহীদের উত্তীর্ণ হওয়া প্রয়োজন। জয়েন্ট এন্ট্রান্স টেস্ট ফর নার্সিং, প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস (সংক্ষেপে জেনপাস) নামক ওই পরীক্ষায় পাশ করলে স্নাতকে ওই বিষয় নিয়ে পড়াশোনা করা যায়।

এ ছাড়াও উল্লিখিত বিষয় নিয়ে ডিপ্লোমাও করার সুযোগ রয়েছে। তবে, ডিগ্রি বা ডিপ্লোমা অর্জনের পর রাজ্য স্তরের মেডিক্যাল কাউন্সিল-এর অধীনে নাম নথিভুক্তিকরণ করা আবশ্যক।

কোথায় পড়ানো হয়?

স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস-এর অধীনস্থ সরকারি এবং বেসরকারি কলেজগুলিতে ওই বিষয়টি স্নাতক স্তরে পড়ানো হয়ে থাকে।

কী কাজ করতে হয়?

মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিস্টদের ফিজ়িওলজি, অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, হেমাটোলজি, ব্যাকটেরিয়োলজি, প্যাথোলজি, ইমিউনোলজি এবং মাইক্রোস্কোপি–সহ শারীরিক নমুনা (মল, মূত্র, রক্ত, থুতু প্রভৃতি) পরীক্ষার কাজ করতে হয়। এ ছাড়াও তাঁদের বিভিন্ন ধরনের পরীক্ষার মাধ্যমে রোগীর নমুনার গুণগত মান নির্ণয়, পরীক্ষার বৈধতা যাচাই, ডেটা লগিং, ডেটা লেবেলিং, ল্যাবের রক্ষণাবেক্ষণ এবং যন্ত্রের সমস্যা সমাধান সম্পর্কিত কাজ করতে হয়।

কাজের সুযোগ:

সরকারি ও বেসরকারি প্যাথলজিক্যাল ল্যাবরেটরি, পুরসভা, ব্লাড ব্যাঙ্ক, হাসপাতাল, নার্সিংহোম, গবেষণাকেন্দ্র, স্বাস্থ্যকেন্দ্রের মতো বিভিন্ন ক্ষেত্রে মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিস্ট হিসাবে চাকরির সুযোগ রয়েছে। এ ছাড়াও রেল, ব্যাঙ্কের মতো সংস্থাতেও মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিস্টদের নিয়োগ করা হয়ে থাকে।

বেতনক্রম:

প্রাথমিক স্তরে উল্লিখিত পদে নিযুক্তেরা প্রতি মাসে ১০,০০০-২৫,০০০ টাকা বেতনক্রমে পারিশ্রমিক পেয়ে থাকেন। সরকারি হাসপাতাল বা চিকিৎসাকেন্দ্রে উল্লিখিত পদে নিযুক্তেরা ২৮,০০০ টাকা কিংবা তার বেশিও প্রতি মাসের বেতন হিসাবে পেতে পারেন।

Higher Secondary job prospect job opportunities Medical Jobs
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy