কোনও তথ্যের গোপনীয়তা বজায় রেখে কী ভাবে গনণনার কাজ করা যায়, তারই প্রযুক্তি উন্নয়নে গবেষণার কাজ শুরু হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুরে। সেই কাজের জন্যই গবেষক প্রয়োজন। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
রিসার্চ অ্যাসোসিয়েট প্রয়োজন। প্রতিষ্ঠানের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তরফে আয়োজিত একটি গবেষণা প্রকল্পে কাজ করতে হবে। শূন্যপদ একটি। প্রকল্পটিতে অর্থ সহায়তা করছে অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন। নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ৫৮ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স, গণিত অথবা রাশিবিজ্ঞান বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকতে হবে। প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া বাধ্যতামূলক। সংরক্ষিত শ্রেণিভুক্ত প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।
আরও পড়ুন:
কী ভাবে আবেদন করবেন?
আইআইটি খড়্গপুরের ওয়েবেসাইটে ‘হোমপেজ’ থেকে ‘জবস’ বিভাগে যেতে হবে। সেখান থেকে যেতে হবে ‘টেম্পোরারি পজ়িশন’-এ। ওই বিভাগে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। বিজ্ঞপ্তি থেকে সরাসরি অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আগামী ২৮ ফেব্রুয়ারি আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।