ন্যাশনাল প্রজেক্টস কনস্ট্রাকশন কর্পোরেশন (এনপিসিসি) লিমিটেড-এ কর্মী নিয়োগ করা হবে। ওই রাষ্ট্রায়ত্ত সংস্থার তরফে প্রকাশিত নিয়োগ-বিজ্ঞপ্তিতে এই সংক্রান্ত তথ্য দেওয়া হয়েছে। সংস্থার কলকাতার দফতরে এই নিয়োগ হতে চলেছে। সেখানে কর্মী নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে। এ জন্য ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। তাই আগ্রহীদের আগে থেকে আবেদন জানাতে হবে না।
সংস্থায় সাইট ইঞ্জিনিয়ার (আর্কিটেক্ট) এবং অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হবে। মোট শূন্যপদ চারটি। কর্মীদের ওই পদে এক বছরের চুক্তির ভিত্তিতে সংস্থায় নিয়োগ করা হবে। এর পর নিযুক্তদের কাজের ভিত্তিতে এবং সংস্থার প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ বাড়ানো হতে পারে। সংস্থার তরফে নিযুক্তদের কলকাতার দফতরে পোস্টিং দেওয়া হবে।
আরও পড়ুন:
সাইট ইঞ্জিনিয়ার পদে আবেদনকারীদের আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক হতে হবে। তবে, অ্যাসিস্ট্যান্ট পদে নিযুক্তদের যে কোনও বিষয়ে স্নাতক হলেই চলবে। শুধু তাঁদের প্রতি মিনিটে ৫০টি শব্দ টাইপ করার দক্ষতা থাকা প্রয়োজন।
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ৪০ বছর হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। সাইট ইঞ্জিনিয়ার পদে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ৩৩,৭৫০ টাকা এবং অ্যাসিস্ট্যান্ট পদে নিযুক্তেরা পাবেন ২৫,০০০ টাকা। এ ছাড়াও অন্য সুযোগসুবিধা মিলবে।
২৩ এবং ২৪ জুন বিজ্ঞপ্তিতে উল্লিখিত স্থানে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন প্রার্থীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি নিয়ে সেখানে উপস্থিত হতে হবে।