প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে পিডিয়াট্রিক লিউকোমিয়া সংক্রান্ত একটি গবেষণা প্রকল্পে কাজ চলছে। ওই প্রকল্পের জন্য জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।
বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্সেস বিভাগের ওই প্রকল্পে নিযুক্তকে কাজ করতে হবে। মোট দু’বছরের চুক্তিতে তাঁর কাজ চলবে। গবেষণার কাজের পাশাপাশি, তিনি পিএইচডি করারও সুযোগ পাবেন। পারিশ্রমিক হিসাবে ৩৭ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
উদ্ভিদবিদ্যা, প্রাণিবিদ্যা, ফিজ়িয়োলজি, বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, জেনেটিক্স বিষয়ের মধ্যে যে কোনও একটিতে স্নাতকোত্তরেরা জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে কাজের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের স্নাতকোত্তর স্তরের পরীক্ষায় ৬০ শতাংশ কিংবা তার বেশি নম্বর থাকা দরকার।
আরও পড়ুন:
এ ছাড়াও প্রার্থীদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট-এর (গেট) মধ্যে যে কোনও একটি প্রবেশিকায় উত্তীর্ণ হওয়া প্রয়োজন। পাশাপাশি, তাঁদের ম্যামেলিয়ান সেল কালচার, মলিকিউলার বায়োলজি নিয়ে গবেষণার পূর্ব-অভিজ্ঞতা থাকা দরকার।
৩ জুলাই ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এর আগে ই-মেল মারফত ১ জুলাইয়ের মধ্যে আবেদনপত্র পাঠানো প্রয়োজন। আবেদনপত্রের সঙ্গে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা এবং কর্মজীবনের অভিজ্ঞতার শংসাপত্রের মতো আনুষঙ্গিক নথি থাকতে হবে।