হলদিয়া ডক কমপ্লেক্স-এর জন্য কর্মী নিয়োগ করবে কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট। সম্প্রতি পোর্টের তরফে কর্মখালির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, অফলাইনে আবেদন গ্রহণ করা হবে।
হলদিয়া ডক কমপ্লেক্সের মেরিন অপারেশনস বিভাগের জন্য এই নিয়োগ। সংশ্লিষ্ট বিভাগে নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস ডক পাইলট (শিক্ষানবিশ)। শূন্যপদ তিনটি। নিযুক্তদের প্রশিক্ষণ চলবে এক বছর। সেই সময় তাঁদের মাসিক সাম্মানিক হবে ৪০,০০০ টাকা। প্রশিক্ষণ শেষে যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় উত্তীর্ণ হলে ডক পাইলট হিসাবে কাজ শুরু করতে পারবেন। সেই সময়ে তাঁদের বেতনকাঠামো হবে মাসে ৫০,০০০ থেকে ১,৬০,০০০ টাকা।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ২৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য থাকবে ছাড়। পাশাপাশি, স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফরেন গোয়িং শিপ সেকেন্ড মেট সার্টিফিকেট থাকতে হবে। অথবা, স্নাতকে নটিক্যাল সায়েন্স বিষয়ে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে।
এ জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্য নথি নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদনের শেষ দিন আগামী ১৭ এপ্রিল। এর পর লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের পোর্টের ওয়েবসাইট দেখে নিতে হবে।