Advertisement
E-Paper

আবার দিল্লি মেট্রো! চরম বাগ্‌বিতণ্ডা তরুণী এবং যুবক যাত্রীর মধ্যে, হঠাৎ উড়ে এল চড়, ভাইরাল ভিডিয়োয় হইচই

ভাইরাল ভিডিয়োয় দাবি, দিল্লি মেট্রোর ভিড়ে ঠাসা একটি কামরার অন্দরে ঝামেলায় জড়িয়েছেন এক তরুণী এবং এক যুবক। এর মধ্যে পুরুষযাত্রীকে আসনে বসে ঝামেলা করতে দেখা যায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ মে ২০২৬ ১২:৫২
Video shows brawl between a man and woman passenger claimed to be inside Delhi Metro

মেট্রোর মধ্যে দুই যাত্রীর ঝামেলা। ছবি: এক্স থেকে নেওয়া।

কখনও স্বল্পবসনা তরুণীর মেট্রোয় ওঠা, কখনও মেট্রোর ভিতরে যাত্রীদের সামনে তরুণ-তরুণীর ঘনিষ্ঠ হওয়া, কখনও বসার জায়গা নিয়ে মারামারি— দিল্লি মেট্রোর এমন নানা দৃশ্য বার বার প্রকাশ্যে এসেছে। এর জেরে বার বারই খবরের শিরোনামে এসেছে রাজধানীর মেট্রো। অদ্ভুত কাণ্ডের জেরে দিল্লির মেট্রো আবার খবরে। এ বার মেট্রোসফরের সময় উত্তপ্ত বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়তে দেখা গেল এক যুবক এবং এক তরুণী যাত্রীকে। ঝামেলা পৌঁছে গেল হাতাহাতির পর্যায়ে। সেই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও ভাইরাল সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

ভাইরাল সেই ভিডিয়োয় দাবি, দিল্লি মেট্রোর ভিড়ে ঠাসা একটি কামরার অন্দরে ঝামেলায় জড়িয়েছেন এক তরুণী এবং এক যুবক। এর মধ্যে পুরুষযাত্রীকে আসনে বসে ঝামেলা করতে দেখা যায়। তাঁদের মধ্যেকার ঝামেলা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ঝগড়ার মাঝেই যুবককে চড় মারেন তরুণী। এর পরেই দুই যাত্রীর সংঘর্ষ নাটকীয় মোড় নেয়। পুরুষটি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে তরুণীর দিকে তেড়ে যান। হস্তক্ষেপ করেন বাকি যাত্রীরা। ভিড় জমে যায় তাঁদের ঘিরে। দু’জনকে আলাদা করে কামরার ভেতরে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করেন সহযাত্রী। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। এখনও পর্যন্ত দিল্লি মেট্রো কর্তৃপক্ষের তরফে কোনও শাস্তিমূলক ব্যবস্থা বা অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ্যে আসেনি। দুই যাত্রীর বিবাদের নেপথ্য কারণও স্পষ্ট নয়। যদিও ভাইরাল ওই ভিডিয়োয় দাবি, আসনে বসা নিয়ে উত্তপ্ত তর্কাতর্কি শুরু হয় ওই দুই যাত্রীর মধ্যে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে সমাজমাধ্যম জুড়ে। নেটাগরিকদের অনেকেই ভিডিয়োটি দেখার পর মজার মজার মন্তব্য করলেও অনেকেই আবার বিস্ময় প্রকাশ করেছেন। বিরক্তিও প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘দিল্লি মেট্রোতে এই ঘটনা একেবারেই সাধারণ।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘মেট্রো কর্তৃপক্ষের উচিত কামরার সর্বত্র ক্যামেরা এবং মাইক স্থাপন করা এবং তাঁদের ইউটিউব চ্যানেলে ভিডিয়োগুলি পোস্ট করা। এতে অনেক আয় হবে।’’ তৃতীয় এক জন আবার লিখেছেন, ‘‘গায়ে হাত তোলা উচিত হয়নি। তরুণী প্রথম চড় মেরেছেন। এটাই যদি ওই যুবক করতেন, তা হলে এত ক্ষণে অনেক বড় ব্যাপার হয়ে যেত।’’

Viral Video Delhi Metro
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy