জামার মধ্যে বিশাল সাপ পুরে ঘুরছে বালিকা! খিল খিল করে হাসছে। বাবাকেও দেখাচ্ছে ভয়ঙ্কর সরীসৃপটিকে। চাঞ্চল্যকর তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি রাস্তার ধারে ঘুরে বেড়াচ্ছে এক খুদে বালিকা। রাস্তার এক পাশ থেকে অন্য পাশে দৌড়ে বেড়াচ্ছে সে। তার জামার উপরের অংশ বেশ ফোলা। জামার ওই জায়গা সন্তপর্ণে ধরে রেখেছে সে। এমন সময় বালিকা রাস্তা পার করে বাবার কাছে আসে। হাসতে হাসতে জামার ভেতর থেকে বার করে বিশাল একটি সাপ। খিলখিল করে হাসতেও থাকে। পরিষ্কার বোঝা যায়, জামায় সাপ পুরে রাখার জন্যই ওই জায়গাটি ফোলা ছিল। এর পর সাপটি বালিকার জামা থেকে মুখ বার করে উঁকি মারতে শুরু করে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। তবে সাপটি বিষাক্ত ছিল কি না, তা ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ট্রোপা’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। যেখানে প্রাপ্তবয়স্কেরা সাধারণত সাপের নাম শুনলেই ভয় পেয়ে যান, সেখানে একটি ছোট্ট মেয়ের নির্ভীক আচরণ সমাজমাধ্যমে আলোচনার বিষয় হয়ে উঠেছে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘এ যদি আমার মেয়ে হত, আমি এতটাই ভয় পেয়ে যেতাম যে কিছুই বুঝতে পারতাম না।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘দেখেই আমার ভয় লাগছে। মেয়েটি কী ভীষণ নির্ভীক! তবে সাপ নিয়ে খেলার সাহস না করাই উচিত। যে কোনও সময় বড় বিপদ ঘটে যেতে পারে।’’