Advertisement
E-Paper

‘আমি মেয়ে, তোমায় ফাঁসিয়ে দেব’, আধার নিয়ে নালিশ জানাতে এসে পোস্ট অফিসের মহিলা কর্মীর হুমকি পেলেন তরুণ!

নির্ধারিত সময়ে বাড়িতে পৌঁছোয়নি আধার কার্ড। তাই পোস্ট অফিসে গিয়ে কর্মীদের ভিডিয়ো করে দিনের পর দিন ভোগ করে চলা হয়রানির কথা জানাচ্ছিলেন তরুণ। তা নিয়ে পোস্ট অফিসের কর্মীদের সঙ্গে বচসা বাধে তরুণের।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জুন ২০২৬ ১৬:১৮

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

আজকাল বহু মানুষ নিত্য দিনের নানা ঘটনা ভিডিয়ো করে সমাজমাধ্যমে পোস্ট করেন। এক তরুণও তেমনই করছিলেন। তা করার জন্য শুনতে হল হুমকি!

নির্ধারিত সময়ে বাড়িতে পৌঁছোয়নি আধার কার্ড। তাই পোস্ট অফিসে গিয়ে কর্মীদের ভিডিয়ো করে দিনের পর দিন ভোগ করে চলা হয়রানির কথা জানাচ্ছিলেন তরুণ। তা নিয়ে পোস্ট অফিসের কর্মীদের সঙ্গে বচসা বাধে তরুণের। বচসার মাঝে ভিডিয়ো করার জন্য এক তরুণী কর্মীর থেকে শুনতে হল একের পর এক হুমকি। ‘ম্যাডাম’ বলে সম্বোধন না করে, কেন তরুণ তাঁর নাম ধরে ডেকেছেন, তা নিয়েও কথা শোনালেন তরুণী কর্মী। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। ভিডিয়ো অনুসারে ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলার জারা জিবলি গ্রামে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, পোস্ট অফিসের ভিতর একগুচ্ছ আধার কার্ড হাতে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণ। রাগে ফেটে পড়ছেন তিনি। তরুণের দাবি, সেই সমস্ত আধার কার্ড পোস্ট অফিসে চলে আসার পরও নির্ধারিত সময়ে বাড়িতে পৌঁছে দেওয়া হয়নি। বহু বার পোস্ট অফিসের কর্মীদের সঙ্গে যোগাযোগ করতে চেয়েও ব্যর্থ হয়েছেন। সেই গ্রামের বহু মানুষ হয়রানির শিকার বলে ভিডিয়োয় জানিয়েছেন তরুণ। পাশে দাঁড়িয়ে ছিলেন পোস্ট অফিসের দুই কর্মী। তাঁদের গলায়ও শোনা য়ায় প্রতিবাদের সুর। এরই মধ্যে তরুণী কর্মচারী বলে ওঠেন, ‘‘আমি মেয়ে, তোমায় ফাঁসিয়ে দেব।’’ তার পরই বলে ওঠেন, ‘‘একজন মেয়ের ভিডিয়ো করছ কেন?’’ বচসা চলতে থাকে। স্থানীয় তরুণ এবং পোস্ট অফিসের দুই কর্মী একে অপরকে দুষে চলেন। কর্মীরা সাফাই দেন যে, বহু মানুষ ফোনই তোলেন না। তাই তাঁদের কাছে আধার কার্ড পৌঁছোয়নি। কিন্তু তরুণ সে সমস্ত কথা কানে তুলতে রাজি নন।

স্থানীয় তরুণ নিজের অভিযোগে দৃঢ় থেকে বলেই চলেন যে, পোস্ট অফিস থেকে কোনও কিছুই নাকি সঠিক সময়ে গ্রামের কারও বাড়িতে পৌঁছোয় না। যে কোনও কাজে পোস্ট অফিস গড়িমসি করে। তরুণী কর্মী আবার সুর বদলে তাঁর নাম ধরে ডেকে কেন কথা বলছেন তরুণ সে দিকে চলে যান। তাঁর দাবি, তরুণের তাঁকে ‘ম্যাডাম’ বলে সম্বোধন করা উচিত কারণ তিনি একজন সরকারি কর্মী। পাশে দাঁড়িয়ে থাকা তরুণ কর্মীও তাঁর সুরে সুর মেলান। কিন্তু স্থানীয় তরুণ যে অভিযোগ নিয়ে ছুটে গিয়েছিলেন তার যোগ্য উত্তর তাঁরা কেউই দিতে পারেননি। ঝামেলার সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘হিমালয়ান হিন্দু’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় চার লক্ষ বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা রকমের মন্তব্যে ভরে গিয়েছে ভিডিয়োটির মন্তব্যবাক্স। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘এ সমস্ত দাম্ভিক কর্মীকে কাজ থেকে ছেঁটে ফেলা উচিত। কথা বলার ভদ্রতা নেই এঁদের মধ্যে।’’ যদিও কিছু নেটাগরিকের গলায় শোনা গিয়েছে অন্য সুর। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘রিল বানিয়ে লাইক পাওয়ার জন্য সরকারি অফিসে অনধিকার প্রবেশ করে সরকারি কাগজপত্র, বিলি না হওয়া জিনিস ধরে নাড়াচাড়া করা বেআইনি। সরকারের উচিত এই তরুণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং আধার কার্ড কেন সঠিক সময়ে লোকের বাড়িতে পৌঁছোচ্ছে না সেটা খতিয়ে দেখা।’’

Viral Video Viral Story Uttarakhand Brawl Indian Post
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy