Advertisement
E-Paper

তুঘলকাবাদ অগ্নিকাণ্ড: কোনও দুর্ঘটনা নয়, ছক কষেই আগুন ধরানো হয় দিল্লির বহুতলে! অভিযুক্ত কিশোরী, নেপথ্যে কোন কারণ?

দক্ষিণ দিল্লির ছ’তলার ওই বহুতলে আগুন লাগার ঘটনাকে প্রাথমিক ভাবে একটি দুর্ঘটনা বলেই মনে করা হচ্ছিল। কিন্তু তদন্ত এগোতেই পুলিশের হাতে ভয়ঙ্কর এক তথ্য উঠে আসে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জুন ২০২৬ ১৫:৫২
বহুতলে অগ্নিকাণ্ডের পর। ছবি: সংগৃহীত।

বহুতলে অগ্নিকাণ্ডের পর। ছবি: সংগৃহীত।

দিল্লির তুঘলকাবাদের অগ্নিকাণ্ড নিছক কোনও দুর্ঘটনা নয়। এর নেপথ্যে ষড়যন্ত্র ছিল। প্রাথমিক তদন্তের পর এমনই দাবি করল পুলিশ। প্রসঙ্গত, গত শুক্রবার রাতে রাজধানীর তুঘলকাবাদের বহুতলে অগ্নিকাণ্ড ঘটে। সেই ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আট জন। পুলিশ সূত্রে খবর, মৃতেরা সকলেই একই পরিবারের।

দক্ষিণ দিল্লির ছ’তলার ওই বহুতলে আগুন লাগার ঘটনাকে প্রাথমিক ভাবে একটি দুর্ঘটনা বলেই মনে করা হচ্ছিল। কিন্তু তদন্ত এগোতেই পুলিশের হাতে ভয়ঙ্কর এক তথ্য উঠে আসে। তদন্তকারী সূত্রের খবর, পুরো পরিকল্পনা করে আগুন ধরানো হয়েছিল। আর এই পরিকল্পনার নেপথ্যে ছিল এক কিশোরী। তাঁকে গ্রেফতার করতেই গোটা ঘটনাটি জলের মতো পরিষ্কার হয়ে যায়।

ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ-পূর্ব দিল্লি) হেমন্ত তিওয়ারি জানিয়েছেন, বছর সতেরোর কিশোরীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, জেরায় ওই কিশোরী স্বীকার করেছে যে, এক তরুণীর প্ররোচনায় সে এই কাজ করেছে। তার আরও দাবি, ওই তরুণী তাকে পেট্রল এবং দেশলাই দিয়ে বলেছিলেন যে, দীপক নামে এক যুবকের স্কুটারে আগুন ধরিয়ে দিতে। ওই বহুতলের ছ’তলায় থাকতেন দীপক। তাঁর সঙ্গে ওই তরুণী টাকাপয়সা সংক্রান্ত বিবাদ চলছিল। আর সেই বিবাদের ‘বদলা’ নিতেই কিশোরীকে ঢাল হিসাবে তরুণী ব্যবহার করেছেন বলে সন্দেহ পুলিশের।

কিশোরীর বয়ানের ভিত্তিতে তরুণীকে গ্রেফতার করে পুলিশ। তরুণী পুলিশের কাছে দাবি করেন, ওই এলাকার এক যুবক এবং তাঁর ভাইয়ের প্ররোচনায় তিনি এ কাজ করেছেন। তাঁর দাবি, ওই যুবকের সঙ্গে ব্যক্তিগত শত্রুতা ছিল দীপকের। শুক্রবার গভীর রাতে বহুতলের নীচে রাখা দীপকের স্কুটারে আগুন ধরিয়ে দেওয়া হয়। সেখান থেকে আগুন দ্রুত অন্য তলাগুলিতেও ছড়িয়ে পড়ে। বহুতলের বেশির ভাগ বাসিন্দারাই বেরিয়ে আসতে পেরেছিলেন। স্থানীয়েরাও উদ্ধারে সাহায্য করেন। কিন্তু এই ঘটনায় মৃত্যু হয় পঙ্কজ, তাঁর বোন সোনি এবং তাঁদের ঠাকুরমা সুশীলা দেবীর।

প্রাথমিক ভাবে এটিকে দুর্ঘটনা বলে মনে করা হলেও সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতেই অন্য কাহিনি প্রকাশ্যে আসে। পুলিশ সূত্রে খবর, সেই ফুটেজে দেখা গিয়েছে, এক জন বহুতলের ভিতরে ঢুকলেন। কিছু ক্ষণ পর বেরিয়ে আসতেই আগুনের শিখা দেখা যায়। সেই ফুটেজ থেকে চিহ্নিত করা হয় কিশোরীকে। তার পরই রবিবার তাকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত আরও তিন জনকেও গ্রেফতার করা হয়েছে।

Delhi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy