অস্ট্রেলিয়ার উপকূল থেকে নৌকা নিয়ে সমুদ্রে গিয়েছিলেন। কিছু দূর যেতেই নৌকার কাছে চলে এল বিষাক্ত একটি সামুদ্রিক সাপ। সাপটির গায়ে হাত দিতেই চমকে গেলেন যুবক! সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নিলেন। তার পর? তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রেলিয়ার উপকূল থেকে নৌকা নিয়ে সমুদ্রে গিয়েছিলেন আইজ়্যাক ফেনেক নামে এক যুবক। মাঝসমুদ্রে হঠাৎ তাঁর নৌকার কাছে চলে আসে ‘আইপিসুরাস লেভিস’ নামে পরিচিত একটি অলিভ সি স্নেক। সামুদ্রিক ওই বিষাক্ত সাপটি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার পরিবর্তে হাত বাড়িয়ে সাপটিকে স্পর্শ করেন আইজ়্যাক। চমকে গিয়ে সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নেন। তার পর জানান, সাপটি অপ্রত্যাশিত রকম নরম। স্পর্শ করার কিছু ক্ষণ পরেই সাপটি হিসহিস করে ওঠে। আতঙ্কে কিছুটা পিছিয়ে আসেন আইজ়্যাক। সাঁতরে চলে যায় সরীসৃপটি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে আইজ়্যাকেরই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘সামুদ্রিক সাপ চট করে আক্রমণ করে না। তা-ও সাবধানের মার নেই।’’ অন্য এক জন আবার মজা করে লিখেছেন, ‘‘মনে হচ্ছে সমুদ্রের মধ্যে চাউমিন ভেসে বেড়াচ্ছে।’’
আরও পড়ুন:
উল্লেখ্য, অলিভ সি স্নেক বা জলপাই রঙের সামুদ্রিক সাপকে সবচেয়ে বিষাক্ত সামুদ্রিক সরীসৃপদের মধ্যে গণ্য করা হয়। সাধারণত এরা আক্রমণাত্মক নয়। তবে বিশেষজ্ঞেরা জানিয়েছেন, বিপদ বুঝতে পারলে বা ধরার চেষ্টা হলে এরা কামড়াতে পারে। এদের বিষও বিপজ্জনক।