রাজ্য সরকারের বিভিন্ন দফতরে কর্মী নিয়োগ করা হবে। ওই সব পদে নিয়োগের জন্য ‘মিসেলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট এগজ়ামিনেশন’ আয়োজিত হতে চলেছে। আগ্রহীরা কী ভাবে আবেদন করবেন, আবেদনের শর্ত কী— সে সংক্রান্ত তথ্য জানিয়েছে রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন।
পরীক্ষা সংক্রান্ত তথ্য
মিসেলেনিয়াস সার্ভিসেস-এর পরীক্ষা তিনটি ধাপে নেওয়া হবে। প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে, থাকবে অবজেক্টিভ প্রশ্ন। চূড়ান্ত পরীক্ষায় লিখতে হবে ব্যাখ্যামূলক উত্তর। সব শেষে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাইকরণ চলবে। লিখিত পরীক্ষাগুলি ইংরেজি অথবা বাংলা ভাষায় দেওয়ার সুযোগ থাকছে।
পরীক্ষা কেন্দ্র
রাজ্যের বিভিন্ন শহরে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে। তবে চূড়ান্ত পরীক্ষাটি দেওয়ার জন্য কলকাতায় আসতে হবে। ইন্টারভিউয়ের জন্য রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের কলকাতার অফিসে ডেকে পাঠানো হবে। মোট ৩৬টি কেন্দ্রে পরীক্ষা হতে চলেছে।
আরও পড়ুন:
কোন কোন পদে নিয়োগ?
‘মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট এগজ়ামিনেশন’-এর মাধ্যমে যে সব পদে নিয়োগ করা হবে, সেগুলি হল— অ্যাসিসট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, ডিজ়াস্টার ম্যানেজমেন্ট অফিসার, ব্লক ইয়ুথ অফিসার, ওয়েলফেয়ার অফিসার, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ইনস্পেক্টর, অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচারাল মার্কেটিং অফিসার (অ্যাডমিনিস্ট্রেটিভ), অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার, কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিসেস, কনজ়িউমার ওয়েলফেয়ার অফিসার, সেভিংস ডেভেলপমেন্ট অফিসার, অডিটর অফ কোঅপারেটিভ সোসাইটিজ়, বোর্ড অফ রেভিনিউয়ের অ্যাসিস্ট্যান্ট অডিটর, মাস এডুকেশন এক্সটেনশন, লেডি এক্সটেনশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিসেস। এ ছাড়াও আরও বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।
তবে, কোন পদে কতগুলি শূন্যপদ রয়েছে, সেই সংক্রান্ত তথ্য এখনও প্রকাশ করেনি রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন।
আবেদনকারীদের যোগ্যতা
যে কোনও বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষাটি দিতে পারবেন। এ ক্ষেত্রে তাঁদের বয়স ২০ থেকে ৩৯ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য বয়সসীমায় ছাড় থাকবে। তাঁদের বাংলা ভাষায় সাবলীল হওয়া আবশ্যক। তবে, দার্জিলিং, কালিম্পং জেলার ক্ষেত্রে নেপালি জানা আবাশ্যক।
বেতনক্রম
উল্লিখিত পদে নিযুক্তদের বেতনক্রম ৩২,১০০-৮২,৯০০ টাকা কিংবা ২৮,৯০০-৭৪,৫০০ টাকা হতে পারে। এ ছাড়াও তাঁরা ঘরভাড়া-সহ অন্যান্য ক্ষেত্রেও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন।
আগ্রহীদের কমিশনের ওয়েবসাইট মারফত আবেদনপত্র জমা দিতে হবে। অসংরক্ষিত প্রার্থীদের আবেদনমূল্য বাবদ ১৬০ টাকা দিতে হলেও সংরক্ষিত শ্রেণিভুক্তদের কোনও ফি জমা দেওয়ার প্রয়োজন নেই। অনলাইন মাধ্যমে আবেদনের প্রক্রিয়া ৩০ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত চলবে।