একাধিক পদে শিক্ষাকর্মী নিয়োগ করতে চলেছে কৃষ্ণনগরের কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়। সম্প্রতি এই মর্মে বিশ্ববিদ্যালয়ের তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে, প্রতিটি পদেই চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে কর্মী।
রেজিস্ট্রার, ফিন্যান্স অফিসার, কন্ট্রোলার অফ এগজামিনেশন, ডেভেলপমেন্ট অফিসার, অ্যাসিস্ট্যান্ট রেজিট্রার, অ্যাকাউন্টস অফিসার, সেক্রেটারি (ফ্যাকাল্টি কাউন্সিল ফর পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ) পদে নিয়োগ করা হবে কর্মী। সব পদেই একটি করে শূন্যপদ। বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দফতরের নিয়ম অনুযায়ী বেতন দেওয়া হবে। প্রার্থীর বয়স ৬০ থেকে ৬৫ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ সংশ্লিষ্ট বিভাগে অভিজ্ঞতাসম্পন্ন অবসরপ্রাপ্ত কর্মীরাই আবেদন করতে পারবেন।
আরও পড়ুন:
১৪ জুন রবিবার সকাল সাড়ে ১১টা থেকে ইন্টারভিউ শুরু হবে। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু সভাগৃহে ইন্টারভিউ হবে। তবে, ইন্টারভিউ-এ যোগ দিতে হলে ১২ জুনের মধ্যে ই-মেল মারফত আবেদনপত্র পাঠাতে হবে। পাশাপাশি গুগল ফর্ম-ও পূরণ করতে হবে। ই-মেল আইডি এবং আবেদনপত্রের বিস্তারিত পাওয়া যাবে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://www.kanyashreeuniversity.ac.in/) থেকে। ‘হোমপেজ’-এ দেওয়া বিজ্ঞপ্তি থেকেই এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।