Advertisement
E-Paper

শুটিং করতে গিয়ে মৃত্যু কর্মীর! রজনীকান্তের ছবির সেটে মর্মান্তিক ঘটনা, প্রশ্নের মুখে নিরাপত্তা

চেন্নাইয়ের পানাইয়ুর এলাকায় চলছিল শুটিং। তখনই কাজের মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ২৮ বছর বয়সি কর্মীর। মৃত কুশলীর নাম কার্তিকেয়ন বলে জানা যাচ্ছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মে ২০২৬ ১৬:৫৭
রজনীকান্তের ছবির সেটে মর্মান্তিক দুর্ঘটনা!

রজনীকান্তের ছবির সেটে মর্মান্তিক দুর্ঘটনা! ছবি: সংগৃহীত।

রজনীকান্তের ছবির সেটে বড় অঘটন। দক্ষিণী তারকার আসন্ন ছবি ‘জেলার ২’ নিয়ে ইতিমধ্যেই তুমুল উত্তেজনা দর্শকের মধ্যে। সেই ছবির সেটেই মৃত্যু হল একজন কুশলীর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চেন্নাইয়ে।

চেন্নাইয়ের পানাইয়ুর এলাকায় চলছিল শুটিং। তখনই কাজের মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ২৮ বছর বয়সি কর্মীর। মৃত কুশলীর নাম কার্তিকেয়ন বলে জানা যাচ্ছে। তিনি ছবির ‘আর্ট ডিরেকশন’ বিভাগের কাজে যুক্ত ছিলেন। জানা গিয়েছে, শুটিংয়ের জন্য একটি বাড়ির আদলে সেট তৈরি করছিলেন তিনি। সেই সময়েই হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে। কী ভাবে বিদ্যুৎস্পৃষ্ট হলেন তিনি এবং নিরাপত্তায় কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত কারও বিরুদ্ধে কোনও এফআইআর দায়ের করা হয়নি। এলাকার মানুষও প্রশ্ন তুলছেন শুটিং সেটে নিরাপত্তা নিয়ে।

উল্লেখ্য, ‘জেলার ২’ পরিচালনা করছেন নেলসন দিলীপকুমার। এটি রজনীকান্ত এবং নেলসনের দ্বিতীয় যৌথ কাজ। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘জেলার’ বক্সঅফিসে ভাল ব্যবসা করেছিল। সেই ছবির সিক্যুয়েল হিসাবেই তৈরি হচ্ছে ‘জেলার ২’। নতুন ছবিটি চলতি বছরের জুন মাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে কর্মীর মৃত্যুতে শুটিং ও মুক্তির নির্দিষ্ট সময় পিছিয়ে যাবে কি না, তা নিয়ে ইতিমধ্যেই ধোঁয়াশা তৈরি হয়েছে।

Rajinikanth
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy