২০১৮ সালে মুক্তি পায় ‘ঠগস অব হিন্দোস্তান’ যা বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ে। মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল আমির খানকে। সম্প্রতি, এই ছবির ব্যর্থতা নিয়ে মুখ খুললেন অভিনেতা। আবার এই ছবির সঙ্গে তুলনা টানলেন অমিতাভ বচ্চন ও ধর্মেন্দ্র অভিনীত ‘শোলে’ ছবির। তাঁর কথায়, বার বার চিত্রনাট্য পরিবর্তনের ফলে ছবির মূল ভাবনা নষ্ট হয়ে গিয়েছিল।
সম্প্রতি এক আলোচনাসভায় আমির জানান, তিনি সাধারণত ছবি বাছাইয়ের ক্ষেত্রে গল্পকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন, চরিত্র নয়। তবে ‘ঠগস অব হিন্দোস্তান’-এর ক্ষেত্রে ব্যতিক্রম হয়েছিল। এই ছবিতে নিজের চরিত্রকে বেশি গুরুত্ব দিয়েছিলেন তিনি, যা তাঁর কথায় শেষপর্যন্ত “খুব খারাপ ভাবে বুমেরাং” হয়ে আসে।
আমিরের কথায়, ছবিটির গল্প আসলে ‘শোলে’র মতোই ছিল। সেখানে সঞ্জীব কুমার অভিনীত ‘ঠাকুর’ চরিত্রটি তার পরিবারের হত্যার প্রতিশোধ নিতে চেয়েছিলেন। তাকে সাহায্য করে অমিতাভ অভিনীত জয় ও ধর্মেন্দ্র অভিনীত বীরু চরিত্র দু’টি। তেমনই ফাতিমা সনা শেখ অভিনীত জ়াফিরা চরিত্রটির পরিবার ধ্বংস হয়ে যায় এবং সে সাহায্য পায় আমির অভিনীত ফিরঙ্গি চরিত্রের কাছ থেকে।
আমির জানান, কাস্টিংয়ের কারণে বার বার চিত্রনাট্যে পরিবর্তন আনা হয়েছিল। যার ফলে ছবিটি বক্সঅফিসে খারাপ ফল করে বলে ধারণা অভিনেতার। তাঁর কথায়, “মানুষ মাত্রই ভুল হয়। আমাদেরও হয়েছে। পছন্দের অভিনেতা-অভিনেত্রীদের না পেলেও, চিত্রনাট্যে বদল করা উচিত হয়নি আমাদের। ফলে দর্শক যে ছবিটি দেখেছেন, সেটি মূল চিত্রনাট্যের গল্প নয়। কারণ, পরিচালকের লেখায় অনেক বদল ঘটানো হয়েছিল।”
আরও পড়ুন:
পরিচালক বিজয় কৃষ্ণ আচার্যের তৈরি এই ছবি মুক্তির পরে সমালোচক ও দর্শক—দু’দিক থেকেই নেতিবাচক প্রতিক্রিয়া পায়। প্রায় ৩০০ কোটি টাকার বাজেটে তৈরি এই ছবি ভারতে মাত্র ১৫১ কোটি টাকা আয় করেছিল।