Advertisement
E-Paper

কারও বেতন ৯ কোটি, কারও মোট সম্পত্তি ৪০ কোটির! বলিউডের পাঁচ ধনী তারকা-আপ্তসহায়ক কারা?

বলি তারকাদের আপ্তসহায়কদের মধ্যে সবচেয়ে ধনী পূজা দদলানীই। তবে একা পূজা নন। এই তালিকায় রয়েছেন আরও কয়েক জন বলি তারকার আপ্তসহায়কের নাম। তাঁরা কারা?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মে ২০২৬ ০৮:৫৯
বলিউডের ধনী আপ্তসহায়ক কারা?

বলিউডের ধনী আপ্তসহায়ক কারা? ছবি: সংগৃহীত।

শাহরুখ খানের ছায়াসঙ্গী তিনি। বলি তারকা তাঁর কাজের জগতে কখন কী পদক্ষেপ করবেন, তার সব সিদ্ধান্ত নেন তিনিই— পূজা দদলানী। বলি তারকাদের আপ্তসহায়কদের মধ্যে সবচেয়ে ধনী তিনিই। তবে একা পূজা নন। এই তালিকায় রয়েছেন আরও কয়েক জন বলি তারকার আপ্তসহায়কের নাম। তাঁরা কারা?

১) পূজা দদলানী: শাহরুখ খানের ম্যানেজার তথা আপ্তসহায়ক ২০১২ সাল থেকে বাদশার সঙ্গে কাজ করছেন। তিনি শাহরুখের ছবি ‘চেন্নাই এক্সপ্রেস’-এর অন্যতম প্রযোজকও ছিলেন। পূজা এবং শাহরুখের জন্মদিনও একই দিনে। শাহরুখের কাজের যাবতীয় দায়িত্ব পূজার কাঁধেই থাকে। শোনা যায়, পূজার বার্ষিক আয় প্রায় ৭-৯ কোটি টাকা।

২) জর্ডি পটেল: সলমন খানের আপ্তসহায়ক তিনি। জর্ডি শুধু সলমনের আপ্তসহায়কই নন। তিনি অভিনেতার খুব কাছের বন্ধু এবং বিশ্বাসযোগ্য মানুষও। এক দশকেরও বেশি সময় ধরে তারকার সঙ্গে কাজ করছেন তিনি। ম্যানেজারের দায়িত্ব সামলানোর পাশাপাশি পটেল নিজের ব্যবসা এবং প্রযোজনার কাজও করেন। এই কারণেই তিনি ইন্ডাস্ট্রির সবচেয়ে ধনী আপ্তসহায়কদের মধ্যে অন্যতম। তাঁর বেতন কত, তা স্পষ্ট নয়। তবে জর্ডির মোট সম্পত্তির পরিমাণ ৪০ কোটি।

৩) অঞ্জুলা অচারিয়া: প্রিয়ঙ্কা চোপড়াকে হলিউডে কাজ করার জন্য উৎসাহ দিয়েছিলেন অঞ্জুলাই। তিনি যখন প্রিয়ঙ্কার সঙ্গে কাজ শুরু করেন, তখন অনেকেই তাঁকে উৎসাহ দেননি। ভারতীয় অভিনেত্রীকে হলিউডে নিয়ে কাজ করতে পারবেন না, এমন নেতিবাচক মন্তব্যও এসেছিল। তবে তিনি হাল ছাড়েননি। অঞ্জুলা এক সাক্ষাৎকারে বলেছিলেন, “আমি যখন প্রথম প্রিয়ঙ্কার সঙ্গে কাজ শুরু করি, তখন অনেক মানুষ খুব নেতিবাচক কথা বলেছিলেন। নিউ ইয়র্কে আমার বন্ধু মনীশ গোয়েলের বাড়িতে এক নৈশভোজে বলিউডের পরিচিত কয়েক জন বলেছিলেন, ‘ও কখনও সফল হবে না, তুমি সময় নষ্ট করছ।’” বর্তমানে অঞ্জুলা অচারিয়ার আয় প্রায় বার্ষিক ৬ কোটি টাকা বলে জানা যায়।

৪) সুস্যান রডরিগেজ়: তিনি রণবীর সিংহের প্রাক্তন আপ্তসহায়ক। কিন্তু বলিউডের ধনী আপ্তসহায়কদের মধ্যে তাঁর নাম উঠে আসেই। সুস্যান যশরাজ ফিল্মস-এর ‘সেলিব্রিটি ম্যানেজার’ ছিলেন। পরে রণবীর যশরাজ ফিল্মস থেকে আলাদা হওয়ার পর একসঙ্গে কাজ করেননি। জানা যায়, রণবীরের আপ্তসহায়ক থাকাকালীন সুস্যান রডরিগেজ় বছরে প্রায় ২ কোটি টাকা আয় করতেন।

৫) পুনম দমানিয়া: করিনা কপূরের প্রাক্তন আপ্তসহায়ক পুনম প্রায় ১০ বছর ধরে তাঁর সঙ্গে কাজ করেছিলেন। পরে তারা আলাদা হয়ে যান। তার কারণ অবশ্য জানা যায় না। তবে শোনা যায়, করিনার কাজ এবং পিআর সামলানোর জন্য পুনম বছরে প্রায় ৩ কোটি টাকা পারিশ্রমিক পেতেন।

Shah Rukh Khan Salman Khan Kareena Kapoor Khan Priyanka Chopra Ranveer Singh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy