Advertisement
E-Paper

সপ্তাহান্তে দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টি! ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে কিছু জেলায়, উত্তরবঙ্গে কেমন থাকবে আকাশ

শনিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। কোথাও ভারী বৃষ্টি, কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার থেকে। বইতে পারে ঝোড়ো হাওয়াও।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুলাই ২০২৬ ১২:২৬
কালো মেঘে ঢাকা আকাশ।

কালো মেঘে ঢাকা আকাশ। — ফাইল চিত্র।

গোটা দক্ষিণবঙ্গ জুড়ে আগামী কয়েক দিন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশি বৃষ্টি হতে পারে সপ্তাহের শেষে। কোথাও ভারী বর্ষণ, কোথাও আবার ভারী থেকে অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ৪০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। হতে পারে বজ্রপাতও।

অন্য দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগ কিছুটা কমতে পারে আগামী কয়েক দিন। বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকলেও আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই উত্তরের জেলাগুলিতে। তবে বিক্ষিপ্ত ভাবে সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতায় আকাশ মোটের উপর মেঘলা রয়েছে। হালকা বৃষ্টি এবং বজ্রপাতের পূর্বাভাস রয়েছে শহরে। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বইতে পারে ঝোড়ো হাওয়াও। কলকাতার পাশাপাশি দক্ষিণের অন্য জেলাগুলিতেও এ দিন বজ্রপাত এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবারও জেলায় জেলায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

শনিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। রবিবারও কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ ২৪ পরগদনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর এবং উপকূলীয় দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী থেকে অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হাওয়ার গতি থাকতে পারে ৪০-৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা।

সোমবারও হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা এবং দুই বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায়। মঙ্গলবার থেকে আবার ঝড়বৃষ্টি কিছুটা কমবে। আগামী মঙ্গল এবং বুধবার উপকূলীয় দুই জেলা ছাড়া আর কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

West Bengal Weather Rain Forecast

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy