Advertisement
E-Paper

এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের মাথায় চড়লেন যুগল, ‘শান্তির বাণী’ লেখা কালো পতাকা ঝুলিয়ে সারলেন বাগ্‌দান! ভাইরাল ভিডিয়ো

তরুণ তরুণীকে আংটি পরিয়ে দিলেন। তার পর ঠোঁটে ঠোঁট রেখে একে অপরের মধ্যে হারিয়ে গেলেন তাঁরা। পুরোটাই ঘটল সমতল থেকে ১৪৫৪ ফুট উচ্চতায়। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুলাই ২০২৬ ১২:২১

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

পরনে কালো রঙের পোশাক। কপোত-কপোতী মিলে চড়লেন নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিং-এ। ঝোলালেন ‘শান্তির বাণী’ লেখা কালো রঙের পতাকা। খানিক পরেই পতাকাটি সরিয়েও ফেললেন। তার পর চলল বাগ্‌দান পর্ব। তরুণ তরুণীকে আংটি পরিয়ে দিলেন। তার পর ঠোঁটে ঠোঁট রেখে একে অপরের মধ্যে হারিয়ে গেলেন তাঁরা। পুরোটাই ঘটল সমতল থেকে ১৪৫৪ ফুট উচ্চতায়। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঘটনাটি ঘটেছে বুধবার। যে তরুণ-তরুণ এই সাহসী পদক্ষেপ করেছিলেন তাঁরা আদতে রাশিয়ার মস্কোর বাসিন্দা। তাঁদের নাম ইভান বিয়ারকাস এবং অ্যাঞ্জেলা নিকোলাউ। তাঁদের বয়স যথাক্রমে ৩২ এবং ৩৩। বর্তমানে তাঁরা নিউ জার্সির ইস্ট অরেঞ্জে থাকেন। বুধবার স্থানীয় সময় দুপুর ১২টা নাগাদ তাঁরা হঠাৎ করেই এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের উপরে লাগানো সরু টাওয়ারের মাথায় চড়া শুরু করেন। বেশ কিছু ক্ষণ সময় তাঁরা সেখানে থাকেন। তার পর নেমে আসেন। মাটিতে পা রাখার প্রায় সঙ্গে সঙ্গেই নিউ ইয়র্ক পুলিশ তাঁদের গ্রেফতার করে। সেই দম্পতির বিরুদ্ধে চুরি, বেপরোয়া ভাবে জীবন বিপন্ন করা, অপরাধমূলক ক্ষতিসাধন, অনধিকার প্রবেশ এবং বিশৃঙ্খল আচরণের মতো অভিযোগ আনা হয়েছে।

গগনচুম্বী সেই বিল্ডিংয়ের টাওয়ারে তাঁদের ঝোলানো পতাকায় লেখা ছিল, ‘‘যখন ভালবাসার শক্তি ক্ষমতার লোভকে পরাজিত করে, তখন বিশ্ব শান্তি লাভ করে।’’ উক্তিটি উনিশ শতকের ব্রিটিশ রাজনীতিবিদ উইলিয়াম গ্ল্যাডস্টোন বলেছিলেন। কালো পতাকায় সাদা রং দিয়ে লেখা বার্তাটি গ্ল্যাডস্টোনের মূল বক্তব্যেরই সামান্য পরিবর্তিত একটি রূপ।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের উপরে থাকা টাওয়ারের শীর্ষে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণী। পরনে তাঁর কালো রঙের অফ শোল্ডার টপ এবং প্যান্ট। মুখে পরে রয়েছেন কালো রঙের মাস্ক। তাঁর খানিক নীচেই দাঁড়িয়ে রয়েছেন কালো রঙের জামা-প্যান্ট পরা এক তরুণ। উভয়ের পাশে ঝুলছে কালো রঙের এক পতাকা। তাতে সাদা রং দিয়ে লেখা রয়েছে শান্তির বাণী। এর পর তরুণও তরুণীর পাশে উঠে গেলেন। দু’জনে একসঙ্গে বেশ কিছু ক্ষণ সেখানে দাঁড়িয়ে রইলেন। তার পর দেখা গেল এক অন্য রকম চিত্র। তরুণ-তরুণী একসঙ্গে টাওয়ারের নীচে থাকা প্ল্যাটফর্মে নেমে এলেন। তার পর তরুণ হাঁটু মুড়ে বসে তরুণীর দিকে আংটি এগিয়ে দিলেন। হয়তো সেখানেই বাগ্‌দান পর্ব সেরে নিলেন তাঁরা। প্রস্তাব পেয়ে তরুণী বেজায় খুশি হলেন। লাফিয়ে উঠে তরুণকে জড়িয়ে ধরলেন। তার পর তরুণের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে নিজেদের মধ্যে হারিয়ে গেলেন তাঁরা।

‘এবিসি৭নিউজ়বাইআরিয়া’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। প্রায় ছয় হাজার নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা রকমের মন্তব্যে ভরে গিয়েছে ভিডিয়োটির মন্তব্যবাক্স। অনেকে কপোত-কপোতীর কীর্তি দেখে মজা পেয়েছেন। বহু নেটাগরিক বিষয়টিকে লোকদেখানো বলেছেন।

Viral Video Viral Story The Empire State Building New York Instagram Reel

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy