হাসপাতালের রজত জয়ন্তী বর্ষ উদ্ষাপন। বেলুনে সাজানো হয়েছে হাসপাতালের বিভিন্ন জায়গা। তবে উৎসব হলেও সুশ্রুষায় ছাড় নেই। রোগী-সহ পরিবারের লোকজন বসে রয়েছেন অপেক্ষা করার জায়গায়। এর মাঝে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। হাসপাতালের ভিতর চালক-সহ বাইকে চেপে প্রবেশ করলেন এক চিকিৎসক। দু’চাকার পিছনে বসে হাত নাড়িয়ে চললেন তিনি। দেখে মনে হল যেন কোনও সিনেমার দৃশ্য। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়ো অনুসারে ঘটনাটি ঘটেছে পঞ্জাবের মোহালির এক বেসরকারি হাসপাতালে।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, পঞ্জাবের সেই চিকিৎসকের নাম স্বপ্না মিশ্র। তিনি একজন রোবোটিক গাইনোলজিক্যাল সার্জন। ২৫ বছরের উদ্যাপনে আলাদা মাত্রা যোগ করার জন্য তিনি বাইকে চেপে প্রবেশ করার সিদ্ধান্ত নেন। বাইকটি চালাচ্ছিলেন এক তরুণ। তাঁর পরিচয় সম্বন্ধে কিছু জানতে পারা যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এই ‘গ্র্যান্ড এন্ট্রি’র খবর আগে থাকতেই ছিল।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, হাসপাতালের হল জুড়ে লোকের আনাগোনা। আশপাশ সাজানো রয়েছে নানা রকমের সরঞ্জাম দিয়ে। অপেক্ষা করার জায়গায় বসে রয়েছেন রোগী এবং পরিবারের লোকজন। সাধারণ মানুষ ছাড়াও হাসপাতালের কর্মী, নার্স, ডাক্তার অনেকেই হলে দাঁড়িয়ে রয়েছেন। হঠাৎই সেই হলের মধ্যে প্রবেশ করল একটি বাইক। বাইকটি চালাচ্ছিলেন এক তরুণ। পিছনে বসে সেই হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার। সকলের উদ্দেশে হাত নাড়াতে নাড়াতে তিনি দু’চাকায় চেপে হাসপাতালের ভিতর প্রবেশ করলেন। হাসপাতালের ভিতরে বাইকের দেখা পেয়ে গুটিকয়েক সাধারণ মানুষের মুখভঙ্গি। তাঁরা হকচকিয়ে গেলেন। কিন্তু হাসপাতালের কর্মীদের মধ্যে দেখা গেল উচ্ছ্বাস। অনেকেই মোবাইলের ক্যামেরা খুলে সেই দৃশ্য ফ্রেমবন্দি করে রাখলেন। হলে থাকা লোকজনের মধ্য দিয়ে চলতে থাকল বাইকটি। থামল গিয়ে হলের শেষ প্রান্তে বানানো মঞ্চের কাছে। রোগীর পরিবারের লোকজন হাঁ করে সেই দৃশ্য দেখে চললেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
‘নিতিনশর্মা৬৩১’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে ৭৬ হাজারেরও বেশি বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। নানা রকমের মন্তব্যে ভরে গিয়েছে ভিডিয়োটির মন্তব্যবাক্স। চিকিৎসকের কাণ্ডজ্ঞান দেখে অবাক নেটাগরিকেরা। হাসপাতালের ভিতর বাইক চালানোর তীব্র নিন্দা করেছে নেটপাড়া। নেটাগরিকদের মতে, হাসপাতালের ভিতরে বাইক চালিয়ে ঢোকা কোনও উদ্যাপনের অংশ হতে পারে না।