অবোলা প্রাণীদের উপর মানুষ নানা ভাবে নির্যাতন করে থাকে। তারই এক নিদর্শন দেখা গেল মধ্যপ্রদেশের ইনদওরের রাস্তায়। প্রকাশ্যেই ঘোড়ার গায়ে মারা হল অগনিত লাঠির ঘা। আশপাশে দাঁড়িয়ে থাকা মানুষজন তা মুখ বুজে দেখেও গেলেন। এক বারের জন্যও কেউ প্রতিবাদের স্বর তুললেন না! সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার মাঝে সাদা রঙের ঘোড়া নিয়ে দাঁড়িয়ে রয়েছেন দুই তরুণ। তাঁদের গোল করে ঘিরে দাঁড়িয়ে রয়েছেন অসংখ্য লোকজন। সকলে ঘোড়ার নাচ দেখার জন্য ভিড় জমিয়েছেন। কিন্তু চারপেয়ে বেঁকে বসল। সে দর্শকদের নেচে দেখাতে চাইল না। অবোলার ইচ্ছার দাম দিলেন না তার মালিকেরা। এক তরুণ সরু কঞ্চি তুলে ঘোড়ার পিছনের পায়ের উপরের দিকের অংশে একের পর এক বাড়ি মেলে চললেন। ব্যথায় লাফিয়ে উঠল ঘোড়াটি। সেটাই হল ঘোড়ার নাচ। মানুষের ভিড় মুখে কুলুপ এঁটে অবোলা প্রাণীর উপর করে চলা সেই নির্মম অত্যাচার চাক্ষুষ করে চললেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, পশুকল্যাণ কর্মী প্রিয়াংশু জৈন বিষয়টি নিয়ে ইনদওরের পান্ধ্রিনাথ থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশের কাছে তিনি অভিষুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
‘লাল্লু রাম’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যেই প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। প্রতিক্রিয়ার ঝড় উঠেছে। নানা রকমের মন্তব্যে ভরে গিয়েছে ভিডিয়োটির মন্তব্যবাক্স। অবোলা প্রাণীর উপর অত্যাচারের ঘটনাটি চুপচাপ দেখে চলার বিষয়টিতে ক্ষুদ্ধ নেটাগরিকেরা। ঘোড়াকে লাঠি দিয়ে মেরে চলা তরুণের শাস্তির দাবি তুলেছে নেটপাড়া।