মুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখের আদলে তৈরি মুখোশে ঢাকা। সে ভাবেই একটি মোবাইল ফোনের দোকানে ঢুকে চুরির চেষ্টা চালালেন এক ব্যক্তি! যদিও ব্যর্থ হয়েছেন তিনি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রাজস্থানের ভিলওয়ারা জেলায়। প্রধানমন্ত্রী মোদীর মুখের আদলে তৈরি মুখোশ পরে এক ব্যক্তি একটি মোবাইল ফোনের দোকানে চুরির চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। পুরো ঘটনাটি ধরা পড়েছে সিসি ক্যামেরায়। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সেই ভিডিয়ো। ভাইরালও হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি রবিবার রাতে ভিলওয়ারার কারেদা থানা এলাকায় ঘটেছে। ভাইরাল ভিডিয়োয় মোদী-মুখোশধারী ব্যক্তিকে মোবাইল ফোনের দোকানে জোর করে ঢোকার চেষ্টা করতে দেখা গিয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ওই ব্যক্তি একটি লোহার রড দিয়ে দোকানের তালা ভাঙার চেষ্টা করছেন। তাঁর মুখে রয়েছে প্রধানমন্ত্রীর ছবিযুক্ত একটি মুখোশ, যেমনটা সাধারণত রাজনৈতিক জনসভাগুলিতে দেখা যায়। পুলিশ কর্তাদের উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি তালা ভাঙতে ব্যর্থ হন এবং কয়েক বার চেষ্টার পর ঘটনাস্থল থেকে চলে যান। দোকানের কাছে বসানো সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনাটি রেকর্ড হয়েছে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘সচিন গুপ্ত’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। হইচই পড়েছে সমাজমাধ্যম জুড়ে।
আরও পড়ুন:
কারেদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক পুরণমল মিনা পিটিআই-কে জানিয়েছেন যে, চুরির চেষ্টার সময় সন্দেহভাজন ব্যক্তি প্রধানমন্ত্রীর মুখের আদতে তৈরি মুখোশ দিয়ে মুখ ঢেকে রেখেছিলেন। তিনি বলেন, ‘‘চুরির চেষ্টা করার সময় প্রধানমন্ত্রী মোদীর মুখের আদলে তৈরি একটি মুখোশ পরেছিল চোর। তবে ওই এলাকার অন্যান্য সিসি ক্যামেরায় তাঁর আসল মুখ দেখা গিয়েছে এবং তাঁকে শনাক্ত করার চেষ্টা চলছে।’’
আরও পড়ুন:
পুলিশ এ-ও জানিয়েছে, দিনের বেলাতেও ওই একই ব্যক্তিকে একই পোশাকে মুখোশ ছাড়া ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। চুরির চেষ্টার ঘটনাস্থল থেকে প্রায় ৮০০ মিটার দূরে অবস্থিত অন্য একটি মোবাইলের দোকানেও ওই একই রাতে চুরির ঘটনা ঘটে। তবে সিসিটিভি ফুটেজে দেখা ব্যক্তিটি সেই চুরির ঘটনার সঙ্গে জড়িত কি না, তা পুলিশ এখনও নিশ্চিত করতে পারেনি।