Advertisement
E-Paper

গোখরোর ছোবলে প্রাণ দিয়ে মালিকের প্রাণ বাঁচাল আদরের পোষ্য! মরণপণ লড়াইয়ের ভিডিয়ো প্রকাশ্যে

গোখরোর ছোবলে প্রাণ দিয়েও মালিকের প্রাণ বাঁচাল আদরের পোষ্য!

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুলাই ২০২৬ ১৩:৪২

ছবি: সংগৃহীত।

জীবন দিয়ে মালিকের প্রাণ বাঁচাল পোষ্য। সাক্ষাৎ যমের সঙ্গে লড়াই করে প্রাণ বিসর্জন দিল সারমেয়। একাধিক কামড় খেয়েও পিছু হটেনি কুকুরটি। একটি গোখরো ও কুকুরের সেই মরণপণ সংঘর্ষের ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে ঘটনাটি হরিয়ানার কারনাল জেলার। সরীসৃপ ও চতুষ্পদের লড়াইয়ের ভিডিয়োটি সমাজমাধ্যমে প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একাধিক বার সাপ কামড়ানোর পরেও কুকুরটি লড়াই চালিয়ে গিয়েছে। সাপটিকে বাড়ির মূল প্রবেশপথে ঢোকার চেষ্টা করতে দেখেই তেড়ে যায় জিমি নামের পোষা কুকুরটি। সংবাদ প্রতিবেদন অনুযায়ী, জিমির মালিক সুমিত ঠাকুর জানিয়েছেন, ঘটনাটি ঘটে রবিবার সন্ধ্যা ৬টা নাগাদ। তিনি তাঁর দু’টি পোষা কুকুর জিমি ও ম্যাক্সকে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন। তাঁরা গেটের কাছে পৌঁছোতেই একটি কালো গোখরো বেরিয়ে আসে।

ভিডিয়োয় ধরা পড়েছে, সুমিত কিছু বুঝে ওঠার আগেই কুকুর দু’টি তাঁর হাত থেকে ছিটকে বেরিয়ে সাপটির দিকে ছুটে যায়। সাপটি ফণা তুলতেই জিমি প্রথমে আক্রমণ করে এবং তার থাবা দিয়ে গোখরোর উপর ঝাঁপিয়ে পড়ে। লড়াইয়ের সময় সাপটি জিমির মুখে ও থাবায় ছোবল বসায়। কামড় খাওয়া সত্ত্বেও জিমি আক্রমণ থামায়নি। বাড়ির ভিতরে যেতে বাধা দেওয়ার জন্য সাপটির চারপাশে ঘুরতে থাকে ম্যাক্স। কয়েক মিনিটের মধ্যেই জিমির শরীরে বিষের প্রভাব ছড়িয়ে পড়তে শুরু করে। পোষ্যের মালিক জানিয়েছেন, জিমির অবস্থার দ্রুত অবনতি হয় এবং কয়েক মিনিটের মধ্যেই বিষ তার সারা শরীরে ছড়িয়ে পড়ে। এই হট্টগোলের মধ্যে বিষধর সরীসৃপটি একটি দেওয়ালের কাছে গা ঢাকা দেয়।

তড়িঘড়ি পশুরোগ চিকিৎসক ডেকেও কোনও ফল হয়নি। চিকিৎসক এসে পৌঁছোনোর আগেই জিমি বিষের প্রভাবে মারা যায়। পোষ্যকে হারিয়ে স্বাভাবিক ভাবেই নিজেকে ধরে রাখতে পারেননি সুমিত। চোখের জল সামলে তিনি সংবাদমাধ্যমে বলেন, ‘‘সাপটির হাত থেকে আমায় রক্ষা করার কয়েক মিনিটের মধ্যেই জিমি আমার চোখের সামনে মারা যায়।’’ ন’বছর ধরে জিমি এই পরিবারে সদস্য ছিল। তার মৃত্যুতে গোটা পরিবার শোকে মুহ্যমান। সাপটিকে ধরার জন্য উদ্ধারকারীকে ডাকা হয়। তিনি গোখরোটিকে ধরে কাছের একটি জঙ্গলে ছেড়ে দেন।

ভিডিয়োটি ‘দ্য _লাইলামা’ নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে রি-পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি দেখার পর বহু পশুপ্রেমী নেটাগরিক জিমির মৃত্যুতে তার মালিকের প্রতি সমবেদনা জানিয়েছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘কী ভাবে ভালবাসার প্রতিদান দিতে হয় তা জিমির মতো পোষ্যদের থেকে মানুষের শিক্ষা নেওয়া উচিত।’’

animal video Snakebite

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy