Advertisement
E-Paper

জমা জলে পা দিতেই ঝটকা! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাঝরাস্তায় অচেতন হয়ে পড়লেন দুই কলেজছাত্রী, ভয়ঙ্কর ভিডিয়ো প্রকাশ্যে

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বৃষ্টির জলে বিদ্যুতের তার পড়ে যাওয়ার ফলে দুই কলেজছাত্রী বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। তাঁরা দু’জনেই অচৈতন্য হয়ে রাস্তায় পড়ে রয়েছেন। এক পথচারী গাছের ডাল ব্যবহার করে তাঁদের উদ্ধার করেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুলাই ২০২৬ ১১:৩৯

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

প্রবল বর্ষণে বিপর্যস্ত বাণিজ্যনগরী মুম্বই। বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। সেই জমা জলে পা দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হলেন দুই কলেজপড়ুয়া তরুণী। একটি তারে শর্টসার্কিট হয়ে সেটি জমা জলে পড়েছিল। সেই জলের মধ্যে দিয়ে হাঁটতে গিয়েই প্রাণ সংশয় হল দু’জনের। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঘটনাটি ঘটেছে নভি মুম্বইয়ে নেরুলে এলপি ব্রিজের কাছে। সেই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বৃষ্টির জলে বিদ্যুতের তার পড়ে যাওয়ার ফলে দুই কলেজছাত্রী বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। তাঁরা দু’জনেই অচৈতন্য হয়ে রাস্তায় পড়ে রয়েছেন। এক পথচারী গাছের ডাল ব্যবহার করে তাঁদের উদ্ধার করেন। এর পর চিকিৎসার জন্য তরুণীদের ডিওয়াই পাটিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, এল পি ব্রিজের নীচে একটি মিষ্টির দোকানের সামনে একটি তার ছিঁড়ে পড়ায় শর্ট সার্কিট হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, বুধবার বিকেলে জমে থাকা বৃষ্টির জলের মাধ্যমে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। রাস্তার পাশ দিয়ে যাওয়া দুই কলেজছাত্রী সরাসরি এর সংস্পর্শে আসেন। তরুণীদের ওই ভাবে পড়ে থাকতে দেখে এক পথচারী একটি গাছের ডাল ব্যবহার করে তাঁদের উদ্ধারের চেষ্টা করেন। উদ্ধারকাজ চালানোর সময় ব্যস্ত রাস্তায় যানবাহন আটকে যায়। সেই ভিডিয়োটিই সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে।

ভিডিয়োটি ‘ভিসি১৪’ নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর ইতিমধ্যেই বহু মানুষ তা দেখেছেন। বৃষ্টির জমা জল ও নাগরিক পরিষেবা হাল নিয়ে নেটাগরিকদের একাংশ ক্ষোভপ্রকাশও করেছেন। বৃহন্মুম্বই পুরসভা (বিএমসি) জানিয়েছে, পূর্ব শহরতলির মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে মানখুর্দে (১৭০.৪ মিমি)। দ্বিতীয় স্থানে বাইকুলা (১৬২.৫২ মিমি)। অন্য দিকে, মুম্বই সেন্ট্রাল (১৪২.৪৩ মিমি), ওয়াডলা (১২৭ মিমি), পশ্চিম শহরতলির বান্দ্রা কুর্লায় (১৩২.৪ মিমি), বোরিভালিতেও (১২৬ মিমি) ব্যাপক বৃষ্টি হয়েছে।

Mumbai Weather

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy