মাঝেমধ্যেই বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টিপাত হচ্ছে বটে, তবে গরম কিছুতেই কমছে না। বাইরের গরমের আঁচ যাতে গায়ে না লাগে, সেই জন্য সারা ক্ষণ শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রটি চলছে বাড়িতে। এসি থেকে বেরোনো মানেই ঘেমে স্নান করে যাওয়া। সেই ভয়ে বাতানুকূল যন্ত্রের হাওয়ায় থাকতে বেশি পছন্দ করছেন অনেকেই। তাতেই বাড়ছে বিপদ, ক্রমেই বাড়ছে বিদ্যুতের বিল। তাই সারা রাত এসি চালিয়ে ঘুমোনোর উপায় নেই। তবে এসি বন্ধ করলেই ঘর কিছু ক্ষণের মধ্যেই গরম হতে শুরু করে। তবে বাড়িতে বড় তোয়ালে থাকলেই হতে পারে মুশকিল আসান!
আরও পড়ুন:
রাতে ঘুমোনোর সময়ে যদি ঘর অতিরিক্ত গরম থাকে তা হলে কেবল অস্বস্তি হয়, রাতের ঘুমটাও নষ্ট হয়ে যায়। প্রভাব পড়ে শরীরের উপরে। এমন পরিস্থিতিতে ঘর ঠান্ডা রাখতে এসির বিকল্প হতে পারে একটি তোয়ালে। ঠান্ডা জলে তোয়ালে ভিজিয়ে ভাল করে চিপে নিন। তার পর সেই তোয়ালে ঝুলিয়ে রাখুন ঘরের জানলার সামনে। খোলা জানলা দিয়ে ফুরফুরে হাওয়া এসে তোয়ালের মধ্যে দিয়ে বেরিয়ে এসে ঘরকে বেশ ঠান্ডা রাখবে।
এই কৌশলটি বাষ্পীভবন-জনিত শীতলীকরণ প্রক্রিয়ার ওপর নির্ভরশীল। ভিজে তোয়ালে থেকে জল বাষ্পীভূত হওয়ার সময়ে তা আশপাশের বাতাস থেকে তাপ শোষণ করে নেয়। এই প্রক্রিয়ায় ঘরের ভিতরের তাপমাত্রা কমে যায়, ফলে এসি ছাড়াই শোয়ার ঘরটি শীতল মনে হয়।