পাহাড়চূড়ায় উঠে ছবি তোলার জন্য পোজ় দিতে গিয়েছিলেন পর্বতারোহী। মুহূর্তের অসাবধানতায় পা ফস্কে ৫০০ ফুট গভীরে পড়ে মৃত্যু হল তাঁর। ঘটনাটি ব্রাজ়িলের। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোর প্রতিবেদন অনুযায়ী, ৪৪ বছর বয়সি কাইও রোচা আগুইয়ার আরাবাল রবিবার রিও ডি জেনিরোতে একটি খাড়া পাথরের উপর উঠে ছবি তোলার চেষ্টা করেন। ছবিটি তোলার পর প্রায় ৫০০ ফুট উপর থেকে পড়ে মারা যান তিনি। সেই হাড়হিম করা ঘটনাটির একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, পর্বতারোহী একটি পাথরে চড়ার চেষ্টা করছিলেন। সেই সময় দৃশ্যটির ভিডিয়ো ধারণ করছিলেন অন্য এক মহিলা পর্বতারোহী। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, খাড়া পাহাড়ের শিখরে দাঁড়িয়ে রোচা ছবি তোলার জন্য পোজ় দিতে শুরু করেন। এর পর তাঁকে কিছুটা নীচের দিকে নামতে দেখা যায়। পাথরের উপর পায়ের নিয়ন্ত্রণ বজায় রাখতে না পেরে, কেবল এক হাতে পাথরটি ধরে তিনি প্রায় শূন্যে ঝুলছিলেন। পায়ে ভর দিতে গিয়ে পাথরটির নীচের অংশে নামার চেষ্টা করেন পর্বতারোহী তরুণ। রোচার যে সহযাত্রী এই দৃশ্যটি ক্যামেরাবন্দি করছিলেন তিনি রোচাকে ‘সাবধান’ বলেও সতর্ক করেন। কিন্তু পাথরের নীচের অংশে নামার সময় রোচা ভারসাম্য রাখতে পারেননি এবং গভীর খাদে পড়ে অদৃশ্য হয়ে যান। রোচাকে পড়তে দেখে তাঁর সহযাত্রী পর্বতারোহী হাড়কাঁপানো চিৎকার করে ওঠেন। মৃত্যুর কিছু ক্ষণ আগে তোলা আর একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, রোচা একদল সহযাত্রী পর্বতারোহীর সঙ্গে ক্যামেরার দিকে তাকিয়ে হাত নাড়ছেন।
ভিডিয়োটি ‘আল্টিমাহোরানেক্স’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করার পর ইতিমধ্যেই তা বহু বার দেখা হয়েছে। পর্বতারোহীর পরিণতি দেখে শিউরে উঠছেন নেটাগরিকেরাও। সংবাদ প্রতিবেদন অনুসারে, রোচা একদল পর্বতারোহীর পথপ্রদর্শক হিসাবে কাজ করছিলেন, কিন্তু এর জন্য তাঁর কোনও অনুমতিপত্র বা লাইসেন্স ছিল না। পড়ে যাওয়ার পর উদ্ধারকারী দলগুলি তাঁকে খুঁজে বার করার জন্য মরিয়া হয়ে চেষ্টা করতে থাকে। চা