Advertisement
E-Paper

কপিলের গুণমুগ্ধ, তা সত্ত্বেও কমেডিয়ানের বিরুদ্ধে প্রকাশ্যে অভিযোগ আমিরের

কপিল শর্মার বিরুদ্ধে অভিযোগ করেছেন আমির খান। সেই অভিযোগের পাল্টা উত্তরও দিয়েছেন কপিল।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩১ মে ২০২৩ ১৪:১৯
Kapil Shamra and Asmir Khan

কপিলের বিরুদ্ধে কী অভিযোগ করলেন আমির? ছবি: সংগৃহীত।

তাঁকে বলা হয় দেশের অন্যতম সেরা কমেডিয়ান। কপিল শর্মার কমেডি শো দেখেন অগণিত দর্শক। আমির খানের মতো অভিনেতা পর্যন্ত কপিলের গুণমুগ্ধ। কিন্তু অভিনেতা এ বার প্রকাশ্যে কপিলের বিরুদ্ধে অভিযোগ আনলেন! সম্প্রতি, মুম্বইতে পঞ্জাবি ছবি ‘ক্যারি অন জাট্টা ৩’ ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমির এবং কপিল। আমির জানান, এই মুহূর্তে কাজ থেকে বিরতি নিয়ে পরিবারের সঙ্গে তিনি বেশি সময় কাটাচ্ছেন। তাই প্রতি দিন রাতে শুতে যাওয়ার আগে হাসির কোনও ছবি দেখতে চেষ্টা করেন। কপিলের প্রশংসা করে আমির প্রথমে বলেন, ‘‘বিগত কয়েক মাস ধরে আমি কপিলের শো দেখছি এবং এখন আমি ওর এক জন ভক্ত হয়ে উঠেছি।’’ আমির যে কপিলকে ফোন করে মানুষকে হাসানোর জন্য তাঁর প্রশংসা করেছেন, সে কথাও জানান পর্দার লাল সিংহ চড্ডা।

তবে বেশ ভালই চলছিল। এ পরেই কিছুটা মজার ছলেই আমির আক্রমণ করেন কপিলকে। আমির কপিলের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন, ‘‘কিন্তু আপনি আমাকে আপনার শোয়ে কেন আমন্ত্রণ জানাননি? এটা তো ঠিক নয়! কপিল নিজে কোনও অজুহাত দেওয়ার আগে আমিই সকলের সামনে বলে দিলাম।’’ আমিরের অভিযোগ শুনে কপিলের মুখের তখন হাসির ঝলক। কৌতুকাভিনেতা স্বীকার করেন যে, একাধিক বার চেষ্টা করা সত্ত্বেও কোনও কারণে আমিরকে তিনি তাঁর শোয়ে হাজির করতে পারেননি। কপিল বলেন, ‘‘অনেক বার আমি ওঁকে অনুরোধও করেছি। কিন্তু কোনও না কোনও কারণে কাজের ব্যস্ততায় আমির সময়টা পিছিয়েছেন।’’

বক্স অফিসে ‘লাল সিংহ চড্ডা’ ছবিটির ব্যর্থতার পর আমির অভিনয় জীবন থেকে সাময়িক বিরতি নিয়েছেন। ওই ট্রেলার প্রকাশ অনুষ্ঠানেই অভিনেতা বলেন, ‘‘আমি এখনও পর্যন্ত কোনও ছবিতে কাজ করার সিদ্ধান্ত নিইনি। আমি এখন সম্পূর্ণ ভাবে আমার পরিবারের সঙ্গে সময় কাটাতে চাই। আমার সন্তানদের সঙ্গে সময় কাটাচ্ছি বেশি করে। মানসিক ভাবে প্রস্তুত না হয়ে আমি কোনও ছবির কাজে হাত দেব না।’’ তবে শোনা যাচ্ছে, আমিরকে অভিনয়ে ফেরার জন্য অনুরোধ করেছেন অভিনেতার দুই বন্ধু শাহরুখ খান এবং সলমন খান।

Aamir Khan Bollywood Actor Kapil Sharma Comedian
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy