যমজ সন্তানের বাবা হয়েছেন দক্ষিণী তারকা রাম চরণ। শনিবার মধ্যরাতে সেই সুখবর দেন নায়কের বাবা, তারকা অভিনেতা চিরঞ্জীবী। রবিবার দুই সন্তানকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন রাম চরণ। সঙ্গে ছিল তাঁর বড় মেয়ে ক্লিন কারা কোনিডেলা। মেয়েকে নিয়ে হাসপাতালে ঢুকতে গিয়ে হিমশিম খেতে হল তাঁকে। ভিডিয়ো প্রকাশ্যে আসতেই শুরু আলোচনা।
ভিডিয়োয় দেখা গিয়েছে মেয়ে ক্লিন কারাকে চাদরে জড়িয়ে কোলে করে গাড়ি থেকে নামছেন অভিনেতা। আর রাম চরণকে নাগালে পেয়েই হামলে পড়ে ছবিশিকারিরা। এমন ঘটনা আগেও ঘটেছে। অভিনেত্রী নিধি আগরওয়াল থেকে সমান্থা রুথ প্রভু—ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন। আমজনতার ধাক্কাধাক্কিতে নিধির পোশাক ধরেও টানাটানি হয়েছিল। যা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা হয়। আবার একই ঘটনার সম্মুখীন রাম চরণ।
মেয়েকে নিয়ে কী ভাবে হাসপাতালে ঢুকবেন যেন বুঝেই উঠতে পারছিলেন না অভিনেতা। তার পরে নিরাপত্তারক্ষীদের সাহায্যে কোনও রকমে ভিতরে যান তিনি। যদিও এই ঘটনা নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি অভিনেতা। তবে এই ঘটনায় যে তিনি খুবই বিরক্ত হয়েছেন, তা অভিনেতার অভিব্যক্তিতে স্পষ্ট। বিয়ের ১০ বছরের মাথায় কন্যাসন্তানের বাবা-মা হন রাম চরণ ও উপাসনা। মেয়ের দু’বছর বয়স হতে না হতেই ফের সুখবর দেন তারকাদম্পতি। এ বার এক কন্যা এবং এক পুত্রসন্তানের জন্ম দিলেন উপাসনা। পরিবারের যমজ সন্তানের আগমনের সুখবর দিয়ে চিরঞ্জীবী জানান, মা ও দুই সন্তানই ভাল আছে।