বিয়ের একবছরের পূর্তি সদ্য উদ্যাপন করেছেন অভিনেতা রুবেল দাস এবং শ্বেতা ভট্টাচার্য। বিয়ের পর থেকে নিজেদের জন্য একেবারেই সময় পাননি তাঁরা। রুবেল ব্যস্ত ছিলেন নিজের ধারাবাহিকের কাজ নিয়ে। অন্য দিকে, নায়িকারও শুটিং চলছিল। অবশেষে একটু ফাঁকা হতেই তাঁরা পরিকল্পনা করে ফেলেছিলেন হিমাচল ভ্রমণের। স্ত্রীকে নিয়ে প্রথম বার পাহাড় দর্শনের অভিজ্ঞতা ভাগ করে নিলেন নায়ক।
রুবেল পাহাড় ভালবাসেন। আর শ্বেতার পছন্দ সমুদ্র। অভিনেতা বললেন, “খুব ভাল আবহাওয়া ছিল। শ্বেতা তো শীতকাতুরে, ওর জন্য ভাল হয়েছে। তবে আমরা বরফও পেয়েছি। তা বলে ওই বরফে রিল তৈরির কোনও শখ হয়নি। প্রচুর পাহাড়ি খাবার খেয়েছি। হিমাচলি খাবার সিড্ডু খেয়ে খুব ভাল লেগেছে।”
পাহাড়েও অনেক বাঙালি অনুরাগীর সঙ্গে দেখা হয়েছে রুবেল-শ্বেতার। নায়ক বলেন, “প্রচুর বাঙালি এখানে। অনেকে আবার আমাদের চিনতেও পেরেছেন। কেউ কেউ এসে ছবি তুলেছেন। এটা আসলে হানিমুন আর বলা যায় না। বলা যেতে পারে বিবাহবার্ষিকীর ঘোরাঘুরি। পরিবারের সবার জন্য অনেক উপহার কিনেছি। নিজেদের জন্য কিছু কিনিনি।” এক বছর হয়ে যাওয়ার পরেও মধুচন্দ্রিমার কোনও পরিকল্পনা হয়নি বলে মনখারাপ হয়েছিল শ্বেতার। তা হলে নায়িকার কি অনুযোগ মিটল? রুবেল জানিয়েছেন, তাঁর স্ত্রীর কোনও অনুযোগের জায়গা নেই। আবার সুযোগ পেলে বেড়াতেই বেরিয়ে পড়বেন, এটাই পরিকল্পনা আপাতত।