Advertisement
E-Paper

‘মানালির থেকে শিখছি নিয়মানুবর্তিতা’! প্রথম বার নায়িকার সঙ্গে জুটিতে সব্যসাচী, নতুন কাজ প্রসঙ্গে কী বললেন তিনি?

তাঁর নতুন ধারাবাহিকের নাম ‘সংসারের সংকীর্তন’। এই কাহিনিতে মানালি দে-র সঙ্গে জুটিতে দেখা যাবে সব্যসাচীকে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ২০:৪৪
‘সংসারের সংকীর্তন’ ধারাবাহিকে জুটিতে দেখা যাবে মানালি এবং সব্যসাচীকে।

‘সংসারের সংকীর্তন’ ধারাবাহিকে জুটিতে দেখা যাবে মানালি এবং সব্যসাচীকে। ছবি: সংগৃহীত।

অনেক দিন পরে ছোটপর্দায় ফিরেছেন সব্যসাচী চৌধুরী। তাঁর নতুন ধারাবাহিকের নাম ‘সংসারের সংকীর্তন’। এই কাহিনিতে মানালি দে-র সঙ্গে জুটিতে দেখা যাবে তাঁকে। অভিনয়ের বাইরে ভালবাসা বলতে রান্নাবান্না। নিজের ব্যবসাও রয়েছে। কিন্তু অভিনেতা খুবই প্রচারবিমুখ। কাজের বাইরে নিজের প্রচার যে ভালবাসেন, তেমন নয়। এ দিকে সহ-অভিনেত্রী মানালি একেবারে উল্টো মানুষ।

সব্যসাচী জানালেন, কাজের বাইরে ঠিক কী বলবেন, তা বুঝতে পারেন না। কাজের বিষয়ে কথা বলা তাঁর খুবই পছন্দের। অভিনেতা বলেন, “প্রতিটা বিষয় নিয়ে আমাকে যে কথা বলতেই হবে, তাতে আমি বিশ্বাস করি না।” নতুন ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম জয়ন্ত। ঘটি-বাঙাল দ্বন্দ্বের মোড়কে কৌতুকে মোড়া কাহিনি দেখানো হচ্ছে ছোটপর্দায়। মানালি, সব্যসাচী ছাড়াও অভিনয় করছেন পরান বন্দ্যোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায়-সহ আরও অনেকে।

ছোটপর্দায় আগেও সব্যসাচীকে দেখেছে দর্শক। কিন্তু তাঁকে এই লুকে আগে দেখা যায়নি। পেতে আঁচড়ানো চুল। চোখে গোল ফ্রেমের চশমা। অভিনেতা বললেন, “আমি সবেতেই খুশি। পরিবারের সবাই, কাছের মানুষেরা যেমন বলছেন, বুঝতে পারছি নতুন লুকে পছন্দ হয়েছে সবার। যে কোনও লুকের জন্যই আমি প্রস্তুত।”

Advertisement

সেটে তাঁর থেকে প্রায় সবাই সিনিয়র। অভিনেতা যোগ করেন, “মানালিও আমার থেকে সিনিয়র। ওর থেকে শিখছি নিয়মানুবর্তিতা। ৯টায় কল থাকলে, ঠিক সময়ে ফ্লোরে ঢুকে যায়। পারলে পাঁচ মিনিট আগে চলে আসে। সেটাও দেখার বিষয়।” ১৪ ঘণ্টা শুটিংয়ের মাঝে নিজের ব্যবসার দিকটা সামলাচ্ছেন কী ভাবে?

নতুন ‘ক্লাউড কিচেন’ শুরু করেছেন তাঁরা। সব্যসাচী এবং সৌরভ দাস অনেক দিন ধরেই রেস্তরাঁর ব্যবসা শুরু করেছেন। তাঁদের সঙ্গে এখন যোগ দিয়েছেন অভিনেতা যিশু সেনগুপ্তও। তিন জনে মিলে শুরু করেছেন এই ক্লাউড কিচেন। সব্যসাচী বলেন, “সৌরভ-যিশুদা আছে, অনেকটাই সামলে নেয়। শুটিংয়ের পরেও যাই অনেক সময়ে। মূলত রান্না, খাওয়া-দাওয়ার দিকটাই দেখতে হয়। যখনই ফাঁকা পাই, তখনই চলে যাই ওখানে।” তবে এই মুহূর্তে বেশি সময় দিতে হচ্ছে ধারাবাহিকের শুটিংয়ে। মানালি-সব্যসাচীর জুটিকে ছোটপর্দায় দেখার জন্যও আগ্রহী অনুরাগীরা।

Tollywood Bengali Serial
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy