Advertisement
E-Paper

দোলের আগেই আবিরে মাখামাখি দেব-রুক্মিণী, কোন অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন শুভাশিস?

উত্তরবঙ্গে শুটিং চলছিল ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’ ছবির। সেখানেই আবির খেলায় মাতলেন অভিনেতা দেব এবং অভিনেত্রী রুক্মিণী মৈত্র।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ২০:৩০
আবিরে মাখামাখি দেব-রুক্মিণী, সঙ্গে শুভাশিস মুখোপাধ্যায়।

আবিরে মাখামাখি দেব-রুক্মিণী, সঙ্গে শুভাশিস মুখোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

গোলাপি, হলুদ, গেরুয়া, নীল, সবুজ— উত্তরবঙ্গে সময়ের আগেই রঙের মেলা! সৌজন্যে অভিনেতা তথা প্রযোজক, সাংসদ দেব। কয়েক দিন আগে অভিনেতা তাঁর নতুন ছবি ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র শুটিং করতে গিয়েছিলেন। শুটিং শেষে রঙের উৎসবে মাতলেন নায়ক। সঙ্গে ছিলেন রুক্মিণী মৈত্র।

আগেও দেখা গিয়েছে যুগলের রং খেলার ছবি। এ বারে সময়ের খানিক আগেই আবিরে রাঙা হলেন দেব-রুক্মিণী। সেই সঙ্গে বাকিদেরও ছাড়লেন না। শুটিংয়ের প্রায় সবাইকেই রং মাখিয়ে ভূত করলেন অভিনেতা। শুভাশিস মুখোপাধ্যায় এই ছবিতে খুবই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। অভিনেতা বললেন, “শুটিং শেষ হল আমাদের। র‌্যাপ হতেই রং খেলা শুরু। অবশ্য সবটাই আবির দিয়ে। দেব–রুক্মিণী তো আগে থেকেই রং মেখে ভূত। আমাকেও ছাড়ল না। কত বার বললাম একটা জামা এনেছি। আমাকে ছেড়ে দে। কে শোনে কার কথা। ঠিক আবির মাখিয়ে দিল দু’জনে।”

সেই সঙ্গে অভিনেতা জানান, খুবই মজা করেছেন। দেবের প্রথম ‘হিট’ ছবিতে শুভাশিস এবং নায়কের এক অন্য সমীকরণ দেখেছিল দর্শক। আবার নতুন ছবিতে সেই পুরনো সমীকরণের ঝলক দেখা যাবে। প্রথম বার দেব-রুক্মিণীর সঙ্গে রং খেলে উত্তেজিত অভিনেতা। নায়ক-নায়িকা প্রাক্‌-দোলের মুহূর্ত নজর কেড়েছে দর্শকেরও।

Tollywood Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy