মঙ্গলবার রাতে সমাজমাধ্যমে পরিচালক দেবালয় ভট্টাচার্যের একটি পোস্ট। সেখানেই অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তীর মন্তব্য। অভিনেত্রী লিখেছিলেন, “তোমার মতো নোংরা পারভার্ট ব্রাহ্মণদের কী করে শ্রদ্ধা করি বলো তো? যারা নিজের বন্ধুর মেয়ের পিঠে হাত বোলাতে ছাড়ে না।” তার পরেই সেই পোস্ট নিজের সমাজমাধ্যম থেকে মুছে দেন পরিচালক।
কেন দেবালয়ের পোস্টে এমন মন্তব্য করেন অঙ্কিতা? ঠিক কী ঘটেছিল? দেবালয়ের পরিচালনায় আগে কাজও করেছেন অঙ্কিতা। অভিনেত্রী বললেন, “যদি অন্যায় না করেন, তা হলে হঠাৎ কেন তিনি পোস্টটি মুছলেন? তিনি যে কাজটি করেছেন তা কুৎসিত, জঘন্য অপরাধ। কোনও অনুতাপও নেই। এ রকম লোক আরও সাংঘাতিক। এই ধরনের মানুষই অপরাধ করে মেরেও ফেলতে পারে। আমার কথা ছেড়েই দিলাম, আর এক জনের সঙ্গেও যা করেছিলেন! সে তখনও প্রাপ্তবয়স্কও হয়নি। ওটা তো শিশু-হেনস্থা! নোংরা মানুষ বলেই ডিলিট করেছেন পুরো পোস্ট।”
এর থেকে বেশি বিস্তারিত বলতে চান না অঙ্কিতা। এই প্রথম নয়, ইন্ডাস্ট্রির অন্দরে অনেক সময়ই যৌন হেনস্থার বিরুদ্ধে মুখ খুলেছেন কলাকুশলীদের অনেকে। অঙ্কিতা জানান, আর পাঁচটা সাধারণ খবর বা ‘মুখরোচক’ আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়াক এই খবর, তা তিনি চান না। তাই ভোটপরবর্তী পরিস্থিতি একটু সামলে গেলেই এই বিষয়ে পদক্ষেপ করার কথা ভাবছেন তিনি।
আরও পড়ুন:
এই প্রেক্ষিতে পরিচালক দেবালয় ভট্টাচার্যের সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল আনন্দবাজার ডট কম-এর তরফে। তিনি একেবারেই চাননি এই বিষয় নিয়ে কোনও লেখালেখি করা হোক। তাঁর মতে, এই বিষয় নিয়ে আলোচনা করলে আরও বেশিই নাকি সমস্যায় পড়বেন তিনি। দেবালয় বলেন, “যিনি মন্তব্য করেছিলেন, তাঁর ব্যাপার। এর থেকে বেশি কিছু বলতে চাই না।”
দেবালয়ের পোস্টে ঠিক কী লিখেছিলেন অঙ্কিতা? অভিনেত্রী লিখেছিলেন, “তোমার মতো নোংরা পারভার্ট ব্রাহ্মণদের কী করে শ্রদ্ধা করি বলো তো? যারা নিজের বন্ধুর মেয়ের পিঠে হাত বোলাতে ছাড়ে না। (যেটা করেছ, সেটা লিখতে আমার লজ্জা লাগছে, তাই পিঠে হাত বোলাতেই লিখলাম।) মদ খেয়ে অভিনেত্রীদের নিতম্বে হাত বোলায়, জোর করে ওই নোংরা গুটখা খাওয়া দাঁতে চুমু খেতে আসে? আর বাধা দিলে…পরের দিন নেশা কাটার পরে ক্ষমা না চেয়ে সঙ্গে-সঙ্গে বিভিন্ন কাজ থেকে কাঠি করে থাকে। দেখা হলে চিনতেও পারে না…রাতারাতি পছন্দের অভিনেত্রী কী ভাবে যেন অচেনা হয়ে যায়। আপাতত আমি আমার আর ওর (একটি নাম লিখেছিলেন) কথা বললাম।” আগামী দিনে তাহলে কী পদক্ষেপ করবেন অভিনেত্রী? তা এখনই খোলসা করতে রাজি নন তিনি।