Advertisement
E-Paper

ফরহানকে বিয়ে, দু’বার ধর্ম পরিবর্তন! কটাক্ষের শিকার হয়েছেন বহু বার, মুখ খুললেন চাহত খন্না

ফরহান মির্জ়াকে বিয়ে করার সময়ে ধর্ম পরিবর্তন করেছিলেন। পরে সেই বিয়ে স্থায়ী হয়নি। তখন ফের আগের ধর্মে ফিরে আসেন চাহত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ১৮:০০
Actress Chahat Khanna talks about conversion

দু’বার ধর্ম পরিবর্তন নিয়ে মুখ খুললেন চাহত। ছবি: সংগৃহীত।

ধর্ম পরিবর্তন নিয়ে বার বার কটাক্ষের শিকার হয়েছেন ছোটপর্দার অভিনেত্রী চাহত খন্না। ফরহান মির্জ়াকে বিয়ে করার সময়ে ধর্ম পরিবর্তন করেছিলেন। যদিও সেই বিয়ে টেকেনি। তখন ফের আগের ধর্মে ফিরে আসেন চাহত। বিষয়টি ভাল ভাবে নেননি তাঁর নিন্দকেরা। অবশেষে সেই বিষয় নিয়ে মুখ খুললেন তিনি।

চাহত সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, তিনি ধর্মনিরপেক্ষ মানুষ। অভিনেত্রীর কথায়, “আমার কথার সব সময়ে ভুল অর্থ বার করা হয়। এখনও আমি যদি কিছু বলি, সেখান থেকে হয়তো একটা কথা তুলে নিয়ে ছড়িয়ে দেওয়া হবে।” ফরহানকে বিয়ের প্রসঙ্গও উঠে আসে চাহতের মুখে। তিনি জানান, ভিন্‌ধর্মে বিয়ে করা একান্তই তাঁর নিজস্ব সিদ্ধান্ত ছিল। তাঁর কথায়, “আমি ধর্মনিরপেক্ষ মানুষ। আমি যেমন ইদ পালন করি, তেমই দীপাবলিও উদ্‌যাপন করি। বিয়ের আগে হোক বা পরে, আমি এমনই। আর আমি নিজের ইচ্ছায় ধর্ম পরিবর্তন করেছিলাম। অনেকে দাবি করেছিলেন, আমি নাকি বাধ্য হয়ে ধর্ম পরিবর্তন করেছি। কিন্তু আমি নিজে সেটা কখনও বলিনি।”

এর পাশাপাশি নিজের বিশ্বাসের কথাও বলেন চাহত। তাঁর কথায়, “হ্যাঁ, আমি ইসলাম ও সনাতন দুই ধর্মেই বিশ্বাস করি। এর মানে এমন নয় যে, আমি অন্য কোনও ধর্মে বিশ্বাস করি না। আমি খুবই ধর্মনিরপেক্ষ মানুষ।”

Advertisement

ফরহানের সঙ্গে বিয়ে ভেঙে যাওয়ার পরে কটাক্ষের শিকার হয়েছিলেন অভিনেত্রী। মন ভেঙেছিল তাতে। তাই চাহত বলেন, “আমার মনখারাপ হত এবং ভয় লাগত। মনে হত, আমার সঙ্গে এ সব কী হচ্ছে? আমার নাম খারাপ হয়ে যাচ্ছিল। অনেকেই বলেছিলেন, নেতিবাচকতার সঙ্গে নাম জড়িয়ে গিয়েছে। আমি আর কাজ পাব না।” তবে ধীরে ধীরে নিজের আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন তিনি। তাই ধর্ম পরিবর্তন করা নিয়ে তাঁর কোনও অনুশোচনাও নেই।

Chahatt Khanna Actress Conversion
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy