তিন বছর আগে জীবনটা একেবারে ওলটপালট হয়ে গিয়েছিল অভিনেত্রী নয়না গঙ্গোপাধ্যায়ের। প্রেমিক টুবানের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলেছিলেন তিনি। সেই ঘটনা অতীত। ২০২৫ সালে মুম্বইয়ে পাকাপাকি ভাবে থাকছেন তিনি। তিন বছর পরে আবার নাকি বড়পর্দায় ফিরছেন নয়না। অন্দরের গুঞ্জন এমনই। এই প্রসঙ্গে কী বললেন অভিনেত্রী?
নয়না জানিয়েছেন, রামগোপাল বর্মা পরিচালিত নতুন ছবিতে ফিরছেন তিনি। সেই প্রস্তুতিই নিচ্ছেন এখন। নয়না বলেন, “মাঝে তিন বছর আমাকে কাজ করতে দেওয়া হয়নি। অনেক ঝড়ঝাপটা গিয়েছে। প্রচুর ভাল সুযোগ এসেছিল। কিন্তু সব হাতছাড়া হয়ে যায়। আমাদের ইন্ডাস্ট্রিতে অল্পদিন আড়ালে থাকলেই তো আর সে ভাবে সুযোগ আসে না। সেখানে তিন বছর হয়ে গিয়েছে। তবে রামগোপাল স্যরের সঙ্গে আগেও আমি কাজ করেছি। শীঘ্রই ওঁর সঙ্গে নতুন কাজ শুরু করব।”
পরিচালকের সঙ্গে ছবি ভাগ করে নিলেন নয়না। ছবি: ফেসবুক।
মাঝের এই সময়ে প্রায় ১৬ কেজি ওজন বেড়ে গিয়েছিল তাঁর। অনেক নিয়ম, শরীরচর্চা, নিয়ন্ত্রিত খাওয়া-দাওয়ার মধ্যে থেকে ওজন ঝরিয়েছেন। অভিনেত্রী যোগ করেন, “আর পুরনো দিনে ফিরে তাকাতে চাই না। রামগোপাল স্যরের সঙ্গে কথা হয়েছে। এ ছাড়াও আরও বেশ কিছু কাজ করার ইচ্ছা আছে। একটা সময়ে চুটিয়ে দক্ষিণী ছবিতে অভিনয় করেছিলাম। আবার নতুন ভাবে আমাকে দেখবেন দর্শক শীঘ্রই।” উল্লেখ্য, নয়না আপাতত মুম্বইয়েই আছেন। শীঘ্রই ফিরবেন কলকাতায়।