গত কয়েক দিন খুবই চিন্তার মধ্যে কাটিয়েছেন অভিনেত্রী সোমা বন্দ্যোপাধ্যায়। সমানে হাসপাতাল আর বাড়ি করে চলেছেন। ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে আচমকাই অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রীর স্বামী পার্থপ্রতিম বন্দ্যোপাধ্যায়। শহরের এক বেসরকারি হাসপাতালে তড়িঘড়ি ভর্তি করানো হয় তাঁকে। এখন কি বিপদ কাটল?
আনন্দবাজার ডট কম-কে সোমা বললেন, “রানার (পার্থপ্রতিম) তো হাইসুগার। তার মধ্যে সর্দিকাশির ধাত। এতটা বাড়াবাড়ি হয়ে যাবে বুঝতে পারিনি। বুকে সর্দি জমে যায়। নিউমোনিয়া হয়ে গিয়েছিল। এতটাই বাড়াবাড়ি হয়ে গিয়েছিল যে শেষে আইসিইউ-তে দিতে হয়েছিল। এখন বিপদ কেটেছে। জেনারেল বেডে দেওয়া হয়েছে ওকে।”
চিকিৎসকের সঙ্গে নিয়মিত যোগাযোগে রয়েছেন অভিনেত্রী। সম্ভবত বুধবারই বাড়িতে নিয়ে আসতে পারবেন স্বামীকে। এরই মধ্যে চলছে ধারাবাহিকের কাজ। ফলে গত কয়েক দিনে খুবই হয়রানি হয়েছিল। অভিনেত্রী জানিয়েছেন, স্বামীর অসুস্থতায় রীতিমতো সব গুলিয়ে ফেলছিলেন। বিমার কাজকর্মও তাঁকে করতে হয়েছে। প্রথম বার একাহাতে সবটা সামলাতে একটু অসুবিধা হচ্ছিল। কিন্তু শেষে সবটাই বুঝে নিয়েছিলেন। এই মুহূর্তে তাঁকে দেখা যাচ্ছে ‘বৃন্দাবন বিলাসিনী’ ধারাবাহিকে। আরও নতুন কাজের কথাও চলছে। তবে স্বামীকে বাড়িতে ফিরিয়ে এনে সেই সবে মন দিতে চান সোমা। আপাতত বিপদ কাটায় কিছুটা নিশ্চিন্ত অভিনেত্রী।