শনিবার ছেলে ইউভানকে নিয়ে দুবাইয়ে পা রেখেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তার পর থেকে ঘুম উড়েছে চক্রবর্তী এবং গঙ্গোপাধ্যায় পরিবারের। প্রতি দিন নিয়ম করে ফোনে কথা হচ্ছে। তবু নিশ্চিন্ত হতে পারছেন কি নায়িকার বাবা দেবপ্রসাদ গঙ্গোপাধ্যায়?
রবিবার দেবপ্রসাদ জানিয়েছিলেন, শুভশ্রী যে হোটেলে উঠেছেন, তার আশেপাশে ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণ ঘটেছে। সোমবার তিনি আনন্দবাজার ডট কম-কে বললেন, “প্রায় মিনিট সাতেক কথা হল শুভ আর দাদুভাইয়ের (নাতি ইউভান) সঙ্গে। ইউভান বড়দের মতো করে বলছে, ‘দাদু চিন্তা কোরো না। আমি ভাল আছি।’ আপনারাই বলুন, এতে কি চিন্তা কমে? নাতি আর মেয়ের মুখ না দেখা পর্যন্ত শান্তি নেই।” ফোনে বাবাকে একই আশ্বাস দিয়েছেন শুভশ্রীও। জানিয়েছেন, হোটেলের ভিতরে নিরাপদেই আছেন তাঁরা।
তবে নিরাপত্তার খাতিরে হোটেল বদলেছেন শুভশ্রী। এ খবর জানিয়েছেন তাঁর বাবা। নতুন হোটেলের আশেপাশেও বিস্ফোরণ হচ্ছে। ৫ মার্চ দেশে ফেরার বিমানের টিকিট কাটা। তবে শুভশ্রী চেষ্টা করছেন, তার আগেই যদি ফিরে আসা যায়।
আরও পড়ুন:
আমেরিকা-ইজ়রায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ ঘিরে আন্তর্জাতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত। পশ্চিম এশিয়ার একাধিক অঞ্চলে ইরানের হামলার জেরে বেশ কয়েকটি বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। এই কারণেই দুবাইয়ে গিয়ে আটকে পড়েন শুভশ্রী আর ইউভান। প্রসঙ্গত, পরীক্ষা শেষের পরে স্কুল বন্ধ এখন একরত্তির। মায়ের কাছে ছুটিতে দুবাই নিয়ে যাওয়ার বায়না করেছিল ইউভান। তাই ছেলেকে নিয়ে সেখানে ঘুরতে গিয়েছেন অভিনেত্রী মা। শনিবার বিমানবন্দরে পা রাখার পরেই পরিস্থিতি দ্রুত বদলে যেতে থাকে। যুদ্ধের জেরে বন্ধ হয়ে যায় বিমান চলাচল।