Advertisement
E-Paper

হয়তো আমরা কিছু বিষয়ে ‘ক্যাজ়ুয়াল’, তবু ছোটপর্দা ছাড়া গতি নেই! তাই ফের ধারাবাহিকে প্রিয়া?

দু’বছর পরে আবার ছোটপর্দায় প্রিয়া মণ্ডল। তাঁকে শেষ দেখা গিয়েছিল ‘তুমিই আমার মা’ ধারাবাহিকে। সেখানে তিনি ‘মা’ হয়েছিলেন। এ বার কোন চরিত্রে?

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১৫:১৪
নতুন রূপে, নতুন চরিত্রে প্রিয়া মণ্ডল।

নতুন রূপে, নতুন চরিত্রে প্রিয়া মণ্ডল। ছবি: ফেসবুক।

বাকিদের মতো তাঁরও মন ভাল নেই। তাই নিয়েই গত সাত দিন ধরে নিয়মিত শুটিং করছেন প্রিয়া মণ্ডল। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যু ভাবাচ্ছে তাঁকে। আনন্দবাজার ডট কম-এর কাছে অভিনেত্রী অকপট, “হয়তো আমরা কিছু বিষয়ে একটু বেশিই ‘ক্যাজ়ুয়াল’।” তার পাশাপাশি এ-ও মেনে নিয়েছেন, বর্তমানে ইন্ডাস্ট্রির যা অবস্থা, তাতে ছোটপর্দা ছাড়া গতি নেই।

ধারাবাহিকের দুনিয়ায় প্রিয়া নতুন নন। এই দুনিয়ায় তাঁর পরিচিতি তৈরি হয়ে গিয়েছে। তাঁর মতো অভিনেতারা ছবি বা সিরিজ়ের দুনিয়ায় প্রতিষ্ঠা পেতে ব্যস্ত। সেখানে অভিনেত্রী আবার কেন ছোটপর্দায় ফিরলেন? তা হলে কি কাজ বা আর্থিক দিক থেকে এই মাধ্যমটাই বাকি মাধ্যমের থেকে সুরক্ষিত? “বিষয়টি যে সত্যি, সে কথা অস্বীকার করি কী করে?” পাল্টা প্রশ্ন প্রিয়ার। নিজে তার উত্তরও দিলেন। বললেন, “রাহুলদার মৃত্যু মেনে নিতে পারছি না। ‘ক্যাজ়ুয়ালনেস’-এর কারণে অনেক দুর্ঘটনা ঘটে। তার পরেও ধারাবাহিক টানা চললে অভিনেতা, কলাকুশলী— সবাই কাজ এবং উপার্জনের দিক থেকে অনেকটাই নিশ্চিন্ত থাকেন। এটাও সত্যি।”

সাল ২০২২। কালার্স বাংলা চ্যানেলে অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের ধারাবাহিক ‘তুমিই যে আমার মা’ চলছে। মাতৃহারা মেয়ের কাছে এক অবিবাহিত তরুণীর মা হয়ে ওঠার গল্প। দর্শক পছন্দ করেছিল ওই ধারাবাহিকটিকে। এবং প্রিয়াকেও। কারণ, তিনিই ওই অবিবাহিত তরুণী। অল্প বয়সে মায়ের চরিত্রে অভিনয় করতে দেখে টেলিপাড়ায় ফিসফাস, প্রিয়া আগামী দিনে কেবল মায়ের চরিত্রই পাবেন!

Advertisement

সেই কারণেই কি বছর দুয়েকের বিরতি? প্রশ্ন ছিল অভিনেত্রীর কাছে।

‘প্রতিজ্ঞা’ ধারাবাহিকে ‘ব্যবসায়ী’ প্রিয়া মণ্ডল।

‘প্রতিজ্ঞা’ ধারাবাহিকে ‘ব্যবসায়ী’ প্রিয়া মণ্ডল। ছবি: ফেসবুক।

প্রিয়া দুটো কারণ দর্শিয়েছেন। এক, আগের ধারাবাহিকটি টানা দু’বছর চলেছিল। ফলে, তাঁর বিশ্রামের প্রয়োজন ছিল। দুই, গত দু’বছর ধরে নানা জায়গায় ঘুরেছেন। নিজেকে আরও ঘষেছেন, মেজেছেন। “দিনকয়েক আগে মনে হচ্ছিল, এ বার কাজে ফেরা দরকার। কিন্তু ধরাবাঁধা চরিত্রে অভিনয় করতে ইচ্ছা করছিল না। তখনই প্রযোজক-পরিচালক রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থা ‘প্রতিজ্ঞা’ ধারাবাহিকের জন্য ডাকল।” এই ধারাবাহিকে তিনি ব্যবসায়ী রমণী। আধুনিকা, ঝাঁ চকচকে। সব বিষয়ে চৌকস, বুদ্ধিদীপ্ত। “বরাবর ছা-পোষা, নিম্নবিত্ত পরিবারের, চোখের জলে ভেসে থাকা মেয়ের চরিত্র করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলাম। রাজদার ধারাবাহিকে সেই আমিই ভিন্ন। খুব খুশি তাই”, ফোনের ও পারে প্রিয়ার কণ্ঠস্বরে তৃপ্তির ছোঁয়া।

লম্বা বিরতির পর কাজে ফিরে মন বসাতে পারছেন? “পারছি না”, ফের সৎ স্বীকারোক্তি অভিনেত্রীর। প্রিয়া বললেন, “প্রথম শট দিতে গিয়ে নার্ভাস হয়েছি। সেটা অবশ্য প্রত্যেক নতুন কাজের বেলাতেই হয়। তার উপরে ফোন খুললেই বেড়াতে যাওয়ার ছবি দেখতে পাচ্ছি। ব্যস, মন উড়ু উড়ু। তবে একদিন অন্তর শট থাকায় বিষয়টি ধীরে ধীরে মানিয়ে নিচ্ছি।”

Raj Chakrabarty Priya Mondal Television
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy