নতুন করে আর কোনও সিনেমার গান না গাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অরিজিৎ সিংহ। বছরকয়েক আগে অরিজিৎ গায়কদের পারিশ্রমিক নিয়ে সরব হয়েছিলেন। এ বার কি সেই পথেই হাঁটতে চলেছেন অভিজিৎ সাওয়ন্ত? জনপ্রিয় গানের অনুষ্ঠান ‘ইন্ডিয়ান আইডল’-এর প্রথম সিজ়নে জয়ী হয়েছিলেন। কিছু জনপ্রিয় মিউজ়িক ভিডিয়ো ছাড়াও বেশ কিছু মরাঠি ছবিতে গেয়েছেন। এ বার তিনিও বিরক্ত। কেন?
মিউজ়িক ইন্ডাস্ট্রির নিয়মকানুন নাকি এমন, যেখানে গায়ককে শুষে নেওয়া হয়। এমনই অভিযোগ করেন অভিজিৎ। তিনি বলেন, ‘‘এরা চায় না, কোনও সিনেমার থেকে তার গান বড় হোক। সেই কারণেই গায়কদের একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দেওয়া হয়। কণ্ঠশিল্পীরা এখনও সিনেমায় গাওয়া গানের জন্য স্বত্ব পান না। পশ্চিমে যাঁরা কাজ করেন, তাঁরা কয়েকটা গান বানিয়ে শুধু স্বত্ব থেকেই উপার্জিত টাকায় বাকি জীবনটা কাটিয়ে দিতে পারেন। আমাদের জীবিকানির্বাহের জন্য পর্যাপ্ত অর্থই পাই না।’’
অভিজিতের দাবি গায়কেরা নিজেরাই সুযোগসন্ধানী। তাঁরা জানেন, যদি কোনও তারকার ঠোঁটে কণ্ঠ দিতে পারেন, তা হলে ওই গানটি গোটা জীবন ব্যবহার করতে পারবেন। অভিজিতের আরও অভিযোগ, গায়কেরা নিজেরাই নাকি টাকা চান না। কারণ, তাঁরা কেবল গানটি গাইতে চান বা কোনও নির্দিষ্ট প্রযোজকের সঙ্গে কাজ করতে চান। অভিজিতের কথায়, ‘‘আমরা যা পাই, তাতেই সন্তুষ্ট হয়ে থাকি। কারণ, আমি কাজটা না করলে, অন্য কেউ করে দেবেন।’’