পুষ্পেন্দ্র সিংহ পরিচালিত ও প্রযোজিত ‘পেড় পালকি’ ছবির শুটিংয়ের জন্য মধ্যপ্রদেশে গিয়েছিলেন ‘মির্জ়াপুর’, ‘লাপতা লেডিজ়’-খ্যাত অভিনেতা সত্যেন্দ্র সোনী। অভিনেতার দাবি, শুটিং শুরুর আগে তাঁকে অগ্রিম বাবদ মাত্র ৫০ হাজার টাকা দেওয়া হয়েছিল। বাকি পারিশ্রমিক শুটিং চলাকালীন মিটিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয় বলে জানান সত্যেন্দ্র। কিন্তু, শুটিংয়ের অধিকাংশ শেষ হওয়ার পরে তিনি যখন বকেয়া টাকা চান তখনই শুরু হয় অত্যাচার। কেঁদে কেঁদে ভিডিয়ো করেন সত্যেন্দ্র। এর পরেই অভিনেতার পাশে দাঁড়ায় ‘অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’।
আরও পড়ুন:
সত্যেন্দ্র সমাজমাধ্যমে যে ভিডিয়ো পোস্ট করেন, সেখানেই তিনি অভিযোগ করেন যে, পরিচালক ও পরিচালকের স্ত্রী তাঁর উপর চড়াও হয়ে জোর করে একটি গাড়িতে তুলে নিয়ে যান। সেই মুহূর্তে অভিনেতার মনে হয়েছিল, যেন তাঁকে অপহরণ করা হচ্ছে। অভিনেতার কথায়, “আমি, শ্রীধর দুবে (অভিনেতা) এবং পঙ্কজ শর্মা (অভিনেতা) হাঁটছিলাম। সেই সময়ে ছবির পরিচালক পুষ্পেন্দ্র সিংহ এবং তাঁর স্ত্রী প্রগতি চৌহান গাড়ি নিয়ে আমাদের অনুসরণ করতে থাকেন। আমাকে দেখেই তাঁরা রাস্তার মাঝখানে আমার উপর চড়াও হন। মারধর শুরু করেন। আমাকে বাঁচাতে শ্রীধরদা এগিয়ে এলে পরিচালক তাঁর সঙ্গেও মারপিট করেন। এর পর সুযোগ বুঝে প্রগতি চৌহান আমাকে টেনে-হিঁচড়ে নিয়ে গাড়ির পিছনের সিটে বসিয়ে দেন এবং আমার মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। মনে হচ্ছিল, যেন আমাকে অপহরণ করা হচ্ছে।”
সত্যেন্দ্রের এই ঘটনার পরেই ‘অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’-এর তরফে মধ্যপ্রদেশ সরকারের কাছে পরিচালক ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার দাবি করা হয়েছে। এই সংগঠন মধ্যপ্রদেশ সরকারের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দ্রুত পদক্ষেপের দাবি করেছে। তাদের তরফ থেকে একটি পোস্ট করে লেখা হয়, ‘‘সত্যেন্দ্রের অভিযোগগুলি খুবই গুরুতর। এই অভিযোগ এটাই বোঝায় যে, ভারতীয় সিনেমায় কী ভাবে শিল্পীদের সম্মান দেওয়া হয়! কোনও শিল্পীই এ ধরনের ব্যবহার পাওয়ার যোগ্য নন। সত্যেন্দ্র এই ঘটনাটি সামনে এনে শিল্পীদের অসহায়তা ও অপরাগতাকে তুলে ধরেছেন। তবে সিনেমা ইন্ডাস্ট্রিতে আকছার এমন ঘটনা ঘটছে। শিল্পীদের ডাকা হচ্ছে, তবে কাজ শেষ হওয়ার পরে তিনি তাঁর যোগ্য পারিশ্রমিকটুকুও পাচ্ছেন না।’’
মধ্যপ্রদেশে এমন ভয়ঙ্কর অভিজ্ঞতার পরে আপাতত মুম্বইয়ে ফিরেছেন সত্যেন্দ্র। অভিনেতার একের পর এক গুরুতর অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত ‘পেড় পালকি’র নির্মাতাদের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তাঁরা কোনও বিবৃতিও দেননি।