Advertisement
E-Paper

প্রচার-ঝলক মুক্তি পেতেই প্রশ্নের মুখে শ্রদ্ধার ‘ঈথা’! ছবির শিরোনাম নিয়ে আপত্তি নৃত্যশিল্পীর পরিবারের

সম্প্রতি প্রকাশ্যে এসেছে ‘ঈথা’ ছবির প্রচার-ঝলক। ছবিতে শ্রদ্ধা কপূরকে দেখা যাবে নৃত্যশিল্পী বিঠাবাঈ ভাঊ মাঙ্গ নারায়ণগাওকরের চরিত্রে। এ বার সেই ছবি নিয়ে উঠল আপত্তি!

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুন ২০২৬ ১৬:০২
শ্রদ্ধার ‘ঈথা’-কে নিয়ে আপত্তি।

শ্রদ্ধার ‘ঈথা’-কে নিয়ে আপত্তি। ছবি: সংগৃহীত।

শ্রদ্ধা কপূর অভিনীত মরাঠি লোকশিল্পী বিঠাবাঈ ভাঊ মাঙ্গ নারায়ণগাওকরের জীবনীচিত্রের প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। ছবির নাম ‘ঈথা’। এই ছবিতে শ্রদ্ধাকে দেখা যাবে বিঠাবাঈয়ের চরিত্রে। এই ছবির শুটিং চলাকালীন একাধিক বার চোট পেয়েছেন শ্রদ্ধা। তাঁর এই ছবি নিয়ে আশাবাদী সিনেবিশেষজ্ঞেরা। কিন্তু, ছবির নাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নৃত্যশিল্পী বিঠাবাঈয়ের পরিবার-সহ জাতীয় কংগ্রেস পার্টি।

লোকসংস্কৃতিতে তাঁর অসামান্য অবদানের জন্য দেশের সর্বোচ্চ স্তরেও সম্মানিত হয়েছিলেন বিঠাবাঈ। তবে সাফল্যের শিখরে পৌঁছেও তাঁর ব্যক্তিগত জীবন ছিল সংগ্রামে ভরা। একটা সময়ে তিনি মঞ্চ কাঁপাতেন, তবে জীবনের শেষ দিকে আর্থিক সঙ্কটেই কেটেছে বিঠাবাঈয়ের। তবে এ হেন শিল্পীর জীবনীচিত্রের নাম কেন ‘ঈথা’ রাখা হয়েছে, সেই নিয়ে প্রশ্ন তুলেছেন বিঠাবাঈয়ের ছেলে ও নাতি। শোনা গিয়েছে, ছবির নাম ‘ঈথা’ রাখায় অখুশি তাঁরা। পরিবারের সূত্রে খবর, যে মহিলা ‘লাবণী’কে একটা নৃত্যশৈলী হিসাবে প্রতিষ্ঠা করতে প্রায় গোটা জীবনটাই ব্যয় করেছেন, ছবিটা তাঁর আসল নামেই হওয়া উচিত।

মহারাষ্ট্রের জাতীয় কংগ্রেস পার্টির চলচ্চিত্র ও সংস্কৃতি বিভাগের প্রশ্ন, বিঠাবাঈ ভাঊ মাঙ্গ নারায়ণগাওকরের জীবন নিয়ে ছবি তৈরি হলেও কেন তাঁর নাম ছবির শিরোনামে রাখা হয়নি? দলের দাবি, ছবির নাম ‘বিঠা’ অথবা ‘বিঠাবাঈ’ রাখা হলে কিংবদন্তি এই লোকশিল্পীর প্রতি যথাযথ সম্মান জানানো হত।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে ‘ঈথা’ ছবির প্রচার-ঝলক। শুরুতেই দেখা যায়, এক দিকে মঞ্চে চলছে নৃত্যানুষ্ঠান, অন্য দিকে মঞ্চের নেপথ্যে প্রসববেদনায় কাতর ঈথা। মুখ্য ভূমিকায় শ্রদ্ধা। সন্তানজন্মের পরে নিজের শারীরিক যন্ত্রণাকে উপেক্ষা করেই তিনি শেষপর্যন্ত মঞ্চে উঠে পারফর্ম করেন। বাস্তবজীবনে এমনটাই করেছিলেন বিঠাবাঈ। ‘স্ত্রী’ ফ্র্যাঞ্চাইজ়ির সাফল্যের পরে শ্রদ্ধা কপূর ফের ‘ম্যাডক ফিল্মস’-এর সঙ্গে জুটি বেঁধেছেন এই ছবিতে। শ্রদ্ধা ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রণদীপ হুডা এবং মহম্মদ জ়িশান আয়ুব। আগামী ২৮ অগস্ট মুক্তি পাবে এই ছবি।

Shraddha Kapoor Bollywood Movie

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy