‘বিগ বস্ ১৯’ থেকে আলোচনায় গৌরব খন্না ও আকাঙ্ক্ষা চমোলা। তারকাদম্পতি পরস্পরের প্রেমে ডুবে থাকেন। কিন্তু সমস্যা একটাই, আকাঙ্ক্ষা সন্তান চান না। গৌরব পিতৃত্বের স্বাদ পেতে চান। এই কারণে গৌরবের অনুরাগীরা কটাক্ষও করেন আকাঙ্ক্ষাকে। সম্প্রতি তাঁদের বিচ্ছেদের জল্পনাও রটেছিল। তবে সে সব মিথ্যে বলে জানিয়ে দিয়েছেন আকাঙ্ক্ষা। কিন্তু এর মাঝেই মঞ্চে দুই সহ-অভিনেতার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে।
আসন্ন ওয়েব সিরিজ় ‘দিল ধোকা অউর ডিজ়ায়ার’-এর প্রচারে মঞ্চে দুই সহ-অভিনেতার সঙ্গেই ঘনিষ্ঠ হতে দেখা যায় আকাঙ্ক্ষাকে। এই সিরিজ়েও বেশ কিছু সাহসী দৃশ্য রয়েছে বলে জানিয়েছেন তিনি। ঘনিষ্ঠ দৃশ্য প্রসঙ্গে আকাঙ্ক্ষা এক সাক্ষাৎকারে বলেন, “সেটে সবাই দেখেন, অভিনেত্রীরা যেন স্বচ্ছন্দ বোধ করেন। অভিনেতারাও সেই দিকে নজর রাখেন। আমাদেরও সাহসী দৃশ্যের জন্য আগে থেকে প্রস্তুত করা হয়েছে। পরস্পরের সঙ্গে স্বচ্ছন্দ করে তোলা হয়েছে।”
আরও পড়ুন:
এর পরেই আকাঙ্ক্ষাকে সন্তান প্রসঙ্গে প্রশ্ন করা হয়, তিনি কি সন্তানধারণে ভয় পান? অভিনেত্রীর স্বীকারোক্তি, “আমি ভয় পাই না। কিন্তু বাচ্চার জন্ম দেওয়া আর হালুয়া রান্না করা তো এক জিনিস নয়। অনেক বড় দায়িত্ব এটা। মনে হয় না, আমি অত বড় কাজটা করে উঠতে পারব এই বয়সে। অবশ্য কোনও বয়সেই পারব বলে মনে হয় না। আমি নিজের কেরিয়ার ভাল করে গোছাতে চাই। আমি উচ্চাকাঙ্ক্ষী। লোকজন আমাকে স্বার্থপর বললে, সত্যিই কিছু করার নেই।”